বায়ার্ন মিউনিখের প্রধান কোচ ভিনসেন্ট কোম্পানিকে হাসপাতালে নেওয়া হয়েছে বলে খবর পাওয়া গেছে। ক্লাবটির অনুশীলন মাঠে একজন জরুরি চিকিৎসককে ডাকা হয়েছিল। তারপর এয়ার অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয় তাকে।
গত এক সপ্তাহ ধরে তীব্র ভাইরাল ইনফেকশনের সঙ্গে লড়ছেন এই ৪০ বছর বয়সী কোচ। বিল্ড-এর প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার বিকেলে একজন জরুরি চিকিৎসকের সঙ্গে কোচ কোম্পানিকে মিউনিখের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ক্লাবটির সাবেনার স্ট্রাস ট্রেনিং ফ্যাসিলিটিতে একটি এয়ার অ্যাম্বুলেন্স হেলিকপ্টার অবতরণ করেছে বলে খবর পাওয়া গেছে। চিকিৎসাকর্মীরা পৌঁছানোর পর ৪০ বছর বয়সী বেলজিয়ান কোচকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয়।
শুক্রবার তাকে জরুরি ভিত্তিতে হাসপাতালে নিয়ে যাওয়ার সুনির্দিষ্ট কারণ এবং কোম্পানির বর্তমান অবস্থা সম্পর্কে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। কোম্পানির শারীরিক অবস্থা সম্পর্কে বায়ার্ন কোনো আনুষ্ঠানিক বিবৃতিও দেয়নি।
গত সপ্তাহে একটি তীব্র ভাইরাল ইনফেকশনে আক্রান্ত হয়েছিলেন কোম্পানি। বুধবার আর্সেনালের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচটি ২-২ গোলে ড্র হওয়ার পর সাংবাদিকদের সাথে কথা বলার সময় কোম্পানি স্বীকার করেন যে, অসুস্থ বোধ করা সত্ত্বেও তিনি নিজের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করেছিলেন।
এর আগে আরবি লাইপজিগের বিপক্ষে বায়ার্নের ৬-১ গোলের জয়ের পর এবং ম্যাচের হাফটাইমে কোম্পানির অসুস্থতা তাকে তার অফিসের ভেতরের একটি সোফায় শুয়ে পড়তে বাধ্য করেছিল। ইনফেকশনের কারণে তার পুরোনো টিস্যুতে জটিলতা দেখা দিলে সিঁড়ি বেয়ে ওঠার মতো সাধারণ নড়াচড়াও তার জন্য কঠিন হয়ে পড়েছিল।
সপ্তাহের শুরুতে তিনি দলের মূল একাদশের ট্রেনিং সেশন মিস করেন এবং সংবাদমাধ্যমের সাথে কথা বলার দায়িত্ব সহকারী কোচ অ্যারন ড্যাংকসকে দেন। অসুস্থতা সত্ত্বেও আলিয়েঞ্জ অ্যারেনায় আর্সেনালের বিপক্ষে বুধবারের ইউরোপিয়ান ম্যাচের জন্য ডাগআউটে ফিরে এসেছিলেন কোম্পানি।
এফএইচএম
