সৌদি আরবের দাম্মামের কিং ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনা ঘটেছে। একই দিনে দেশটির আরও দুটি বিমানবন্দর এবং গুরুত্বপূর্ণ তেল স্থাপনায় হামলার দাবি করেছে ইয়েমেনের হুথি গোষ্ঠী। এসব ঘটনায় হতাহত ও ক্ষয়ক্ষতির বিস্তারিত এখনো জানা যায়নি।
রোববার সৌদি কর্তৃপক্ষ দাম্মাম বিমানবন্দরে হামলার তথ্য জানায় বলে আনাদোলুর এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সৌদি আরবের জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন জানিয়েছে, কিং ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং নিরাপত্তা পরিস্থিতি যাচাই করা হচ্ছে। এ জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় চলছে।
এদিকে, সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, দেশটির পূর্বাঞ্চলে একটি ড্রোন শনাক্ত করে আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা হয়েছে।
এর আগে রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরেও হামলার খবর দিয়েছিল সৌদি কর্তৃপক্ষ। ওই ঘটনায় কয়েকজন আহত হয়েছেন বলে জানানো হলেও হতাহতের সংখ্যা ও তাঁদের শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত প্রকাশ করা হয়নি।
হামলার দায় স্বীকার করে হুথি গোষ্ঠীর সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি টেলিভিশনে দেওয়া এক বিবৃতিতে বলেন, দাম্মামের কিং ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দরে চালানো অভিযানে লক্ষ্যবস্তুতে সরাসরি আঘাত হানা হয়েছে। তাঁর দাবি, এতে বিমান চলাচল ব্যাহত হয়েছে।
ইয়াহিয়া সারির দাবি অনুযায়ী, রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের পাশাপাশি সৌদি তেল কোম্পানি আরামকোর শেদগাম গ্যাস প্ল্যান্ট এবং তানাজিব তেল স্থাপনাও হামলার লক্ষ্যবস্তু ছিল।
হুথি গোষ্ঠী জানিয়েছে, ইয়েমেনে সৌদি বিমান হামলার জবাবে এসব অভিযান চালানো হয়েছে। একই সঙ্গে সৌদি আরবের ওপর আরও হামলার হুমকি দিয়েছে গোষ্ঠীটি।
তবে হুথিদের হামলার দাবি এবং লক্ষ্যবস্তুতে আঘাত হানার বিষয়ে সৌদি কর্তৃপক্ষের পক্ষ থেকে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
এমএ
