গাজীপুরের কাশিমপুরের পশ্চিম শৈলডুবি এলাকায় অবস্থিত সুপ্রিম গার্মেন্টসের কার্টুন ও সুতার গোডাউনে অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে বর্তমানে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করছে।
শনিবার (২৪ অক্টোবর) দুপুরে ফায়ার সার্ভিস সূত্রে এ তথ্য জানা গেছে।
ফায়ার সার্ভিস জানায়, সকাল ১০টা ১৪ মিনিটে সুপ্রিম গার্মেন্টসের গোডাউনে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে ১০টা ২৫ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। প্রাথমিকভাবে আগুন নেভাতে ৯টি ইউনিট কাজ করেছে।
তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানায় ফায়ার সার্ভিস।
