নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সন্দেহজনক আর্থিক লেনদেনের অভিযোগে সাবেক যুগ্ম সচিব ধনঞ্জয় কুমার দাসের একটি জমি জব্দ এবং ছয়টি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে। আজ শনিবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক আয়েশা আক্তার মৌসুমি এই নির্দেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নির্দেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী শাহাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে গত ১৫ অক্টোবর দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ জিন্নাতুল ইসলাম এ বিষয়ে আদালতে আবেদন করেন। আজ শুনানি শেষে আদালত এই নির্দেশ দেন।
দুদকের আবেদন অনুযায়ী, ঢাকার নন্দীপাড়া-৫ মৌজায় তাঁর নামে থাকা শূন্য দশমিক ৭৯৬ শতাংশ জমি ক্রোক এবং সিটি ব্যাংকের প্রিন্সিপাল অফিস ও বনানী শাখা ও এনসিসি ব্যাংকের মতিঝিল শাখায় থাকা ছয়টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা করা হয়েছে।
আবেদনে বলা হয়, ধনঞ্জয় কুমার দাসের বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ দুই কোটি ৪৭ লাখ ৪২ হাজার ৮২৬ টাকার সম্পদ অর্জন ও দখলে রাখার অভিযোগ রয়েছে। এ ছাড়া তাঁর নামে ১৪টি ব্যাংক হিসাবে পাঁচ কোটি ৯০ লাখ ১৫ হাজার ৫৯০ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে।
দুদকের আবেদনে আশঙ্কা প্রকাশ করা হয়, সংশ্লিষ্ট সম্পদ অন্যত্র বিক্রি বা হস্তান্তর করতে পারেন তিনি। এতে বিচার শেষে সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা সম্ভব না হলে রাষ্ট্রের অপূরণীয় ক্ষতি হতে পারে। এ কারণে এসব স্থাবর-অস্থাবর সম্পদ প্রয়োগ ও অবরুদ্ধ করা প্রয়োজন।

