নারায়ণগঞ্জের আড়াইহাজারে সামাজিক নিরাপত্তা জোরদার ও প্রকৃত উপকারভোগী মূল্যায়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচির দেশব্যাপী তথ্য সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল ৩টায় উপজেলার পাঁচরুখী এলাকায় সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা খন্দকার নাইমা নুসরাত জিনিয়া।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রান্তিক ও অনগ্রসর পরিবারের সার্বিক ডাটাবেজ তৈরি এবং প্রকৃত সুবিধাভোগীদের সঠিকভাবে শনাক্তকরণের লক্ষ্যে এ তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। ফ্যামিলি কার্ড ব্যবস্থার মাধ্যমে সরকারি সামাজিক নিরাপত্তা বলয়ের স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
জেএইচআর
