বঙ্গোপসাগরে নতুন লঘুচাপের শঙ্কা, উপকূলীয় বিভাগে বৃষ্টির পূর্বাভাস
চ্যানেল আই অনলাইনপ্রকাশ:
বঙ্গোপসাগরে আগামী ২৪ ঘণ্টার মধ্যে একটি নতুন লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে দেশের উপকূলীয় তিন বিভাগ খুলনা, বরিশাল ও চট্টগ্রামে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে দেশের অন্যান্য অঞ্চলে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, লঘুচাপের বর্ধিতাংশ বর্তমানে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর ফলে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি নতুন লঘুচাপ সৃষ্টি হওয়ার অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, সম্ভাব্য এই লঘুচাপের কারণে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এদিকে মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার বার্তাতেও উপকূলবর্তী তিন বিভাগে একই ধরনের বৃষ্টির আভাস দেওয়া হয়েছে। এ সময় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় বৃষ্টিপাত হলেও দেশের বাকি অংশে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং সার্বিক আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…
