আসিফ চৌধুরী, বিশেষ সংবাদদাতা :
ঢাকার কেরানীগঞ্জ আর্মি ক্যাম্পের নেতৃত্বে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন ইকুরিয়া ব্যাপারীপাড়া এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজি ও বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে একটি সুপরিকল্পিত যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে।
রোববার রাত ০১টা ১৫ মিনিট থেকে ভোর ০৫টা ৩০ মিনিট পর্যন্ত পরিচালিত এ অভিযানে কুখ্যাত সন্ত্রাসী চক্রের সক্রিয় সদস্য মোঃ আরমান-কে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তার বসতবাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্য:ফেনসিডিল ১৩ পিস, ইম্পিরিয়াল হুইস্কি – ৫০ পিস, অন্যান্য বিদেশি মদ – ২০ পিস উদ্ধারকৃত দেশীয় অস্ত্রের মধ্যে রয়েছে রামদা – ০২টি,কাঁচি – ০১টি,চাপাতি – ০২টি, হাসুয়া – ০২টি,চাইনিজ কুড়াল – ০১টি,কুড়াল – ০১টি,লোহার রড (মডার্ন আয়রন স্টিক) – ০১টি
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা ও বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
অভিযান শেষে গ্রেফতারকৃত আসামি এবং উদ্ধারকৃত সকল আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
