কক্সবাজারের পেকুয়ায় নানাবাড়িতে বেড়াতে গিয়ে মসজিদের পুকুরে ডুবে মুহাম্মদ লায়েন (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার বারবাকিয়া ইউনিয়নের নয়াকাটা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত লায়েন পেকুয়া পৌরসভার শেখেরকিল্লাঘোনা এলাকার ডিসি রোডের বাসিন্দা সৌদি আরবপ্রবাসী ওয়াহিদুর রহমানের ছেলে। সে স্থানীয় একটি নুরানি মাদ্রাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা যায়, গত রোববার মায়ের সঙ্গে নানাবাড়িতে বেড়াতে যায় লায়েন। সোমবার সকালে অন্য শিশুদের সঙ্গে খেলতে বের হয় সে। খেলার একপর্যায়ে সবার অজান্তে নানাবাড়ির পাশের একটি মসজিদের পুকুরে পড়ে যায় লায়েন।
পরে পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করা হয়। এরপর দ্রুত পেকুয়া নুর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিশুটির দাদা মাহমুদ এ ঘটনার বিবরণ দেন। পেকুয়া সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান এম শাহনেওয়াজ আজাদও ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
লায়েনের মৃত্যুর খবরে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে বাড়ির পরিবেশ।
