ইংল্যান্ড নারী জাতীয় কাবাডি দলের অধিনায়ক হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক আনিসা খান। সামাজিক যোগাযোগমাধ্যম লিংকডইনে তিনি নিজেই অধিনায়ক হওয়ার খবর জানিয়েছেন।
আনিসা লিখেছেন, ‘আমি আনুষ্ঠানিকভাবে ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক হয়েছি। ২০১৭ সালে বিশ্ববিদ্যালয়ের কাবাডি সোসাইটিতে যোগ দেওয়ার সময় এই খেলায় আমি ছিলাম সম্পূর্ণ নতুন। কখনো কল্পনাও করিনি, নতুন একটি খেলা শেখার সিদ্ধান্ত আমাকে আজ এই অবস্থানে নিয়ে আসবে।’
আগামী সপ্তাহে কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে অংশ নিতে ভারতে যাওয়ার কথাও জানিয়েছেন আনিসা। সেখানে ইংল্যান্ডের নারী খেলোয়াড়দের নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়ে গর্বিত বলে উল্লেখ করেছেন তিনি।
আনিসা খানের বাবা ইয়াওর খান মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার আকুয়া গ্রামের বাসিন্দা ছিলেন। ৯৭৩ সালে তিনি যুক্তরাজ্যে পাড়ি জমান। তিনি প্রথমে রেস্তোরাঁ ব্যবসা শুরু করলেও পরে আবাসন ব্যবসায় যুক্ত হন। ইয়াওর খান যুক্তরাজ্যের ‘এশিয়ান কারি অ্যাওয়ার্ডস’-এর প্রতিষ্ঠাতা। চার ভাই–বোনের মধ্যে আনিসা সবার ছোট।
আনিসা বিশ্ববিদ্যালয় পর্যায়ে কাবাডি খেলা শুরু করেন। একপর্যায়ে ইংল্যান্ড নারী জাতীয় কাবাডি দলে জায়গা করে নেন। ২০২৪ সালের ইউরোপিয়ান বিচ কাবাডি চ্যাম্পিয়নশিপের দলে ছিলেন তিনি। আনিসা লন্ডন স্কুল অব ইকোনমিকস (এলএসই) থেকে ইকোনমিক ডেভেলপমেন্ট বিষয়ে উচ্চশিক্ষা নিয়েছেন। তিনি আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠান অ্যাকসেঞ্চারে কাজ করেছেন। চাকরির পাশাপাশি ‘বোম্বে পিৎজা’ নামে খাবারের ব্যবসা গড়ে তোলেন।
২০২৫ সালে বিবিসি ওয়ানের জনপ্রিয় ব্যবসাভিত্তিক রিয়েলিটি অনুষ্ঠান ‘দ্য অ্যাপ্রেন্টিস’-এ অংশ নিয়ে ব্যাপক জনপ্রিয়তা পান আনিসা। ব্রিটিশ ব্যবসায়ী লর্ড অ্যালান সুগারের আড়াই লাখ পাউন্ডের ব্যবসায়িক বিনিয়োগ পাওয়ার প্রতিযোগিতায় রানারআপ হন তিনি।
ব্যবসা পরিচালনা এবং টেলিভিশন অনুষ্ঠানে অংশ নেওয়ার ব্যস্ততার মধ্যেও কাবাডি থেকে দূরে সরে যাননি আনিসা। এরই স্বীকৃতিস্বরুপ ইংল্যান্ড জাতীয় দলের নেতৃত্বভার পেলেন তিনি।
আগামী ২৩ অক্টোবর আহমেদাবাদে শুরু হতে যাওয়া কমনওয়েলথ কাবাডি চ্যাম্পিয়নশিপে ইংল্যান্ডকে নেতৃত্ব দেবেন আনিসা। এই টুর্নামেন্টে বাংলাদেশ, ইংল্যান্ডসহ ১৪টি দেশ অংশ নিচ্ছে।
