বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়িতে গুলির ঘটনার তদন্তে একের পর এক নতুন তথ্য সামনে আসছে। এবার এই ঘটনায় অভিযুক্তদের নজরদারির তালিকায় অভিনেতা রণবীর কাপুরের বান্দ্রার বাড়ির নামও উঠে এসেছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম। এর আগে সালমান খানকে লক্ষ্য করার পরিকল্পনা করা হয়েছিল বলেও পুলিশি সূত্রের বরাতে খবর প্রকাশিত হয়।
এদিকে, ঘটনার পর সালমান, আমির খান ও পরিচালক রোহিত শেঠির বাড়ির আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। তবে, যেসব তারকার বাড়ির আশপাশে অভিযুক্তদের যাতায়াতের কথা জানা গেছে, তাদের সবাইকে হামলার নির্দিষ্ট লক্ষ্য হিসেবে চিহ্নিত করা হয়নি। বিষয়টি এখনো তদন্তাধীন।
সালমানের বাড়িতে নজরদারির পর লক্ষ্য বদলের দাবি
ভারতীয় একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে পুলিশি সূত্রের বরাতে দাবি করা হয়, টাইগারের গাড়িতে গুলি চালানোর আগে অভিযুক্তরা সালমান খানের বান্দ্রার বাড়ি গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের আশপাশে নজরদারি করেছিলেন। সেখানে কড়া নিরাপত্তা দেখে তারা পরিকল্পনা বদলান। পরে তুলনামূলক কম নিরাপত্তায় চলাফেরা করেন এমন তারকাকে লক্ষ্য করার সিদ্ধান্ত নেওয়া হয় । সেই সূত্রে টাইগার শ্রফকে সহজ লক্ষ্য হিসেবে বেছে নেওয়া হয়েছিল।
তবে, এসব তথ্য পুলিশের তদন্ত সংশ্লিষ্ট সূত্রের বরাতে প্রকাশিত হয়েছে। হামলার উদ্দেশ্য ও অভিযুক্তদের পরিকল্পনা সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো জানানো হয়নি।
রণবীর কাপুরের বাড়িতেও নজরদারি?
এদিকে, টাইগার শ্রফের গাড়িতে গুলির ঘটনায় অভিযুক্তরা মুম্বাইয়ের বান্দ্রায় রণবীর কাপুরের বাড়ির আশপাশেও নজরদারি করেছিলেন বলে পুলিশি সূত্র জানিয়েছে।
অভিযুক্তরা মুম্বাইয়ে অবস্থানকালে সালমান খান, আমির খান ও রণবীর সিংয়ের বাসভবনে গিয়েছিলেন বলে তদন্তে উঠে এসেছে। পুলিশ খতিয়ে দেখছে, তাদের নির্দিষ্ট লক্ষ্য হিসেবে চিহ্নিত করা হয়েছিল, নাকি অভিযুক্তরা অন্য কোনো কারণে সেখানে গিয়েছিলেন।
সালমান, আমির ও রোহিতের নিরাপত্তা জোরদার
ঘটনার পর সালমান খান, আমির খান ও পরিচালক রোহিত শেঠির বাড়ির আশপাশে পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে।
সালমান আগে থেকেই ওয়াই প্লাস শ্রেণির নিরাপত্তা পান। তার বান্দ্রার বাড়ির বাইরে বাড়তি পুলিশি নজরদারির পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হয়েছে। আমির খানের বাড়ির আশপাশে পুলিশের টহল বাড়ানো হয়েছে। রোহিত শেঠির জুহুর বাড়ির কাছেও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
‘দ্য টাইমস অব ইন্ডিয়া’র একটি প্রতিবেদনে বলা হয়েছে, অভিনেতা অক্ষয় কুমারের বাড়িতে বুলেটপ্রুফ কাচ বসানোর কাজ চলছে। তবে, এ বিষয়ে সংশ্লিষ্টদের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
তদন্তে একাধিক গ্রেপ্তার, খতিয়ে দেখা হচ্ছে যোগসূত্র
টাইগারের গাড়িতে গুলির ঘটনায় তদন্তকারীরা অভিযুক্তদের অস্ত্র সংগ্রহ, সরবরাহ ও হামলার পরিকল্পনায় কারা জড়িত ছিলেন, তা খতিয়ে দেখছেন। এ ঘটনায় আটজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং আরো দুজনকে আটক করা হয়েছে। তাদের ভূমিকা যাচাই করে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।
তদন্তকারীরা অস্ত্র সরবরাহের একটি নেটওয়ার্ক এবং লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে কথিত যোগসূত্র খতিয়ে দেখছেন। তিন অভিযুক্তকে ৩১ অক্টোবর পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, ১৮ অক্টোবর মুম্বাইয়ের জুহু এলাকায় টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়। অভিনেতা অক্ষত থাকলেও তার গাড়িচালকসহ দুজন আহত হন বলে ভারতীয় সংবাদমাধ্যমের খবরে জানানো হয়েছে। ঘটনার পর থেকে বলিউড তারকাদের নিরাপত্তা এবং হামলার সম্ভাব্য উদ্দেশ্য নিয়ে তদন্ত চলছে।
* ইন্ডিয়া টুডে, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, মানিকন্ট্রোল, এনডিটিভি, হিন্দুস্তান টাইমস অবলম্বনে
