ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে বোলিংয়ে জিম্বাবুয়েকে চেপে ধরলেও, ব্যাট হাতে বাজে পারফরম্যান্স করেছে বাংলাদেশ দল। প্রধান কোচ ফিল সিমন্স জানিয়েছেন ম্যাচের পরিস্থিতি অনুযায়ী ব্যাটাররা খেলতে পারেননি বলেই হারতে হয়েছে। দলের ব্যাটিং ব্যর্থতা নিয়ে কথা বলেছেন তানজিদ হাসান তামিমও।
তামিম বলেন, 'আমরা আমাদের ব্যাটিং বিভাগে দায়িত্ব নিতে পারিনি। উইকেট যথেষ্ট ভালো ছিল, আমার কাছে মনে হয় যে এই রানটা তাড়া করার মতো ছিল। যতক্ষণ পর্যন্ত আমি ব্যাটিং করেছি আমার কাছে খুব ভালো লাগছিল, কিন্তু দুর্ভাগ্যবশত আউট হয়ে গিয়েছি। তবে আমাদের সবারই দায়িত্ব নেওয়া উচিত, এটা আমার মনে হয়।'
আগামীতে দলের ব্যাটিং ইউনিটকে দায়িত্ব নেওয়ার তাগিদ দিয়ে রাখলেন তামিম, 'সামনে আরও অনেক ম্যাচে এমন পরিস্থিতি আসবে, তো আমার দায়িত্বটা থাকবে কীভাবে আরও দায়িত্ব নিয়ে ২০-২৫টা ওভার খেলে ইনিংস বড় করা যায় এবং দলকে ভালো একটা জায়গায় নিয়ে যাওয়া যায়।'
এসএইচ/এইচজেএস
