ডেস্ক রিপোর্ট: নিরাপদ খাদ্য নিশ্চিত করতে স্থাপিত ভ্রাম্যমাণ পরীক্ষাগার পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ ১৪ অক্টোবর বুধবার সকালে সচিবালয়ে নিজের দপ্তরে প্রবেশের আগে তিনি পরীক্ষাগারটির কার্যক্রম ঘুরে দেখেন।
সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নিচে রাখা ভ্রাম্যমাণ পরীক্ষাগারটির ভেতরে প্রবেশ করে প্রধানমন্ত্রী খাদ্যের নমুনা সংগ্রহ ও পরীক্ষার প্রক্রিয়া সম্পর্কে জানতে চান। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা তাঁকে পরীক্ষাগারটির কার্যক্রম ও সক্ষমতা সম্পর্কে অবহিত করেন।
কর্মকর্তারা জানান, ভেজালবিরোধী অভিযান জোরদার করার অংশ হিসেবে দেশের আটটি মহানগর এলাকায় ভ্রাম্যমাণ পরীক্ষাগারের মাধ্যমে খাদ্যের নমুনা পরীক্ষা ও তদারকি করা হচ্ছে। পর্যায়ক্রমে এ কার্যক্রম ৬৪টি জেলায় সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের তত্ত্বাবধানে এসব কার্যক্রম পরিচালিত হচ্ছে।
এদিকে, ২০২৬-২৭ অর্থবছরে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধি প্রকল্পের আওতায় ৭২টি ভ্রাম্যমাণ পরীক্ষাগার সংগ্রহের কার্যক্রম চলছে।
খাদ্য নিরাপত্তা বিষয়ে জনসচেতনতা বাড়াতেও এসব পরীক্ষাগারে ব্যবস্থা রাখা হয়েছে। ভ্যানের বাইরে স্থাপিত পর্দায় নিরাপদ খাদ্যবিষয়ক সচেতনতামূলক ভিডিও প্রচার করা হয়।
সূত্র: যমুনা টিভি
