ঘরের মাঠে শ্রীলঙ্কা ও ইংল্যান্ডকে নিয়ে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে মাঠে নামার ঠিক আগের দিন পাকিস্তানি অভিজ্ঞ তারকা ক্রিকেটারদের কড়া বার্তা দিয়েছেন দেশটির ক্রিকেট ইতিহাসের কিংবদন্তি পেসার শোয়েব আখতার। মাঠের পারফরম্যান্সে প্রত্যাশা পূরণ করতে না পারলে কয়েকজন সিনিয়র ক্রিকেটারের জন্য এটাই জাতীয় দলের হয়ে শেষ সিরিজ হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
বিশেষ করে সময়ের সেরা ব্যাটার বাবর আজমকেও যদি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ছাঁটাই করার পরিকল্পনা করে, তবে অবাক হওয়ার কিছু থাকবে না বলে মন্তব্য করেছেন তিনি।
ক্রিকেটভিত্তিক অনুষ্ঠান ‘আউটসাইড এজ’-এ কথা বলতে গিয়ে শোয়েব আখতার বলেন, ‘পাকিস্তান দলে কি বাবর আজমকে সত্যিই প্রয়োজন আছে? অবশ্যই আছে। তবে তাকে কি বাদ দেওয়া হতে পারে? আমি শুধু এই প্রশ্নটা তুলছি। ভেতরের খবর থেকে যতটুক জেনেছি, ক্রিকেট বোর্ড কিন্তু আসলেই তাকে দল থেকে বাদ দেওয়ার মতো বড় পদক্ষেপ নিয়ে চিন্তা-ভাবনা করছে।’
রাওয়ালপিন্ডি এক্সপ্রেস খ্যাত সাবেক এই পাকিস্তানি তারকা বলেন, ‘বাবরকে নিয়ে কোনো অহেতুক চাঞ্চল্য তৈরি করতে আমি এসব বলছি না। তার প্রতিভা ও অতীত পারফরম্যান্স বিবেচনা করে তাকে সেরা উপায়ে কাজে লাগানো উচিত। তবে এখন বাবরকেই পিসিবির সামনে ব্যাট হাতে প্রমাণ করতে হবে যে, সে ওয়ানডে দলের জন্য কতটা যোগ্য।’
এমনকি বাবর আজম ছাড়াও স্কোয়াডে থাকা বেশ কয়েকজন চেনা মুখের ক্রিকেট ক্যারিয়ার এখন ঝুলে আছে বলে দাবি করেন এই সাবেক স্পিডস্টার। তিনি বলেন, ‘দলের অভিজ্ঞ ক্রিকেটারদের ওপর এখন এক অদৃশ্য মনস্তাত্ত্বিক চাপ কাজ করছে। শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ এবং শাদাব খানেরও মনে হতে পারে যে, এটিই হয়তো তাদের ক্যারিয়ারের শেষ সিরিজ। আর বাবর আজমের ওপর তো এই চাপটা আরও বেশি।’
তবে এই ধরনের চাপের মুখে ফেলে ক্রিকেটারদের মাঠে নামানোটা একদমই ঠিক নয় বলে মনে করেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস। শোয়েব আখতার বলেন, ‘যদি বাবরকে এমন মানসিকতার মুখে ফেলে দেওয়া হয় যে—“পারফর্ম করো, না হলে চিরতরে বিদায়”, তবে সেটি তার প্রতি কিছুটা অন্যায় করা হবে।’
অধিনায়ক বা তারকা খেলোয়াড়দের সঙ্গে পিসিবির কীভাবে আচরণ করা উচিত, সে বিষয়েও পরামর্শ দেন শোয়েব। বাবরের ব্যাপারে নিজের মত তুলে ধরে তিনি বলেন, ‘সে এখন যে অবস্থায় আছে, পিসিবিকে সেভাবেই তাকে সামলাতে হবে। কারণ স্বীকার করতেই হবে, তার চেয়ে ভালো মানসম্মত ব্যাটার এই মুহূর্তে আমাদের হাতে দ্বিতীয়টি নেই। সে হয়তো আমার ব্যক্তিগত পছন্দের তালিকায় শীর্ষে নেই, তবে যা সম্পদ আছে তা দিয়েই আমাদের সেরাটা বের করে নিতে হবে।’
সিরিজে তারকা পেসার শাহিন শাহ আফ্রিদিকে পরামর্শ দিয়ে শোয়েব বলেন, ‘আমি শাহিনের ভালো চাই বলেই বলছি—ম্যাচের প্রথম ওভার থেকেই নিজের সর্বোচ্চ শক্তি ও গতি ঢেলে দিতে যাবে না। বরং ওভারের গতি ধীরে ধীরে বাড়াতে হয়। আমাদের সময়ে বিশ্বের দ্রুততম পেসাররা এভাবেই বল করত। দ্বিতীয় স্পেলে ধার বাড়ানো আর শেষ স্পেলে গিয়ে সর্বোচ্চ শক্তিতে আঘাত করাই একজন চতুর পেসারের মূল কাজ।’
আজ রোববার থেকেই পাকিস্তান, শ্রীলঙ্কা ও ইংল্যান্ডকে নিয়ে লাহোরে গড়াচ্ছে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ। উদ্বোধনী ম্যাচেই শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে স্বাগতিক পাকিস্তান। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ৩১ অক্টোবর।
