স্টাফ রিপোর্টার : সিলেটে থামছেনা ডেঙ্গুর প্রকোপ। একজনের মৃত্যুর পরদিন গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৬ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এটিই চলতি বছরের একদিনে আক্রান্তের সর্বোচ্চ সংখ্যা। এনিয়ে এবছর আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৬৪ জনে। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৬৬ জন।
সোমবার (১৯ অক্টোবর) এই তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. মো. মাহবুবুল আলম।
স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন শনাক্ত ২৬ জনের মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১১, জালালাবাদ রাগিব রাবেয়া মেডিকেলে ২, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ৭, সুনামগঞ্জ সদর হাসপাতালে ৫ ও শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন রয়েছেন।
বর্তমানে হাসপাতালে ভর্তি ৬৬ জনের মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১৮, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ৮, মাউন্ট এডোরা হাসপাতালে ১,বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭, মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪, নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১, হবিগঞ্জ সদর হাসপাতালে ১৭, ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ ও শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ ও সুনামগঞ্জ সদর হাসপাতালে ৫ জন চিকিৎসাধীন রয়েছেন।
স্বাস্থ্য বিভাগের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৯ অক্টোবর পর্যন্ত বিভাগে শনাক্ত ৬৬৪ জনের মধ্যে হবিগঞ্জে ২৮৬, সুনামগঞ্জে ১৪৮, সিলেটে ১৩৭ এবং মৌলভীবাজারে ৬৭ জন রয়েছেন। এছাড়া অন্যান্য জেলা থেকে এসে সিলেট বিভাগে চিকিৎসা নিতে গিয়ে আরও ২৬ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।
এদিকে, আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে সিলেটে ১ জনের মৃত্যুর পাশাপাশি শনাক্ত হয়েছিলেন ১৫ জন। চলতি বছর সিলেট বিভাগে এ পর্যন্ত ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সর্বশেষ ১৮ অক্টোবর সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার নেপাল চন্দ্র দাস (৫২) মারা যান। এর আগে গত ১৬ সেপ্টেম্বর জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেলে মৌলভীবাজারের জুড়ী উপজেলা ছলিমা বেগম (৬০), ৮ সেপ্টেম্বর জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেলে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার কৃষ্ণ দাস (৪৫) ও ২ আগস্ট সিলেট ওসমানী মেডিকেলে আফিয়া খানম (৫৪) ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।
