নেত্রকোনার মদনে গাঁজা সেবনের সময় পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল বারী আকন্দ হীরাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) রাত ৯টার দিকে মদন পৌরসভার ফচিকা টিএন্ডটি রোড এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেপ্তার অন্য তিনজন হলেন মদন দক্ষিণপাড়া গ্রামের হুমায়ুন কবির (৩২), কাইকুরিয়া গ্রামের মানিক মিয়া (৩২) এবং আটপাড়া উপজেলার সুখারী ইউনিয়নের দেবাদ্দর গ্রামের তারেক মিয়া (২৪)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে উপপরিদর্শক (এসআই) আখতারুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল ফচিকা টিএন্ডটি রোড এলাকায় অভিযান চালায়। এ সময় গাঁজা সেবনের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও চার থেকে পাঁচজন পালিয়ে যান।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে। পরে গ্রেপ্তার চারজনকে আদালতে পাঠানো হয়।
আব্দুল বারী আকন্দ হীরার দলীয় পদের বিষয়টি নিশ্চিত করে মদন পৌর ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান বলেন, বিষয়টি জেলা ছাত্রদলের সভাপতিকে জানানো হয়েছে। তদন্ত সাপেক্ষে জেলা কমিটি তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেবে।
মদন থানার ওসি মো. সালাহ উদ্দিন বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে এবং মঙ্গলবার সকালে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।
The post মদনে গাঁজা সেবনের অভিযোগে ছাত্রদল নেতা হীরাসহ গ্রেপ্তার ৪ appeared first on ভোরের চেতনা.
