ছবির ক্যাপশন: .
আসিফ চৌধুরী, বিশেষ সংবাদদাতা :
ঢাকা-৩ সংসদীয় আসনে আসন্ন নির্বাচনকে সামনে রেখে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে যৌথ বাহিনীর মোটরসাইকেল মহড়া শুরু হয়েছে। ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে এ উদ্যোগকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে কেরানীগঞ্জের ধলেশ্বরী টোলপ্লাজা সংলগ্ন আর্মি ক্যাম্প থেকে মহড়াটি শুরু হয়। মহড়া চলেছে আব্দুল্লাহপুর, রাজেন্দ্রপুর, ঝিলমিল, কদমতলী, জনি টাওয়ার, জিনজিরা টিনপট্টি, বাবুবাজার ব্রিজ হয়ে পুনরায় কদমতলী ও ইকুরিয়া অতিক্রম করে হাসনাবাদ পর্যন্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায়।
কেরানীগঞ্জ আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে আয়োজিত এই মহড়ায় নেতৃত্ব দেন ক্যাম্প কমান্ডার মেজর শোভন ও লেফটেন্যান্ট জুবায়ের। মহড়ায় অংশ নেন ৫২ সদস্যের একটি প্যাট্রল দল।
মহড়া চলাকালে সাংবাদিকদের মেজর শোভন বলেন, প্রতিটি ভোটকেন্দ্রে নিরাপত্তা জোরদার করা হয়েছে। তিনি ভোটারদের উদ্দেশে বলেন, “১২ ফেব্রুয়ারি নির্বিঘ্নে ভোটকেন্দ্রে এসে সবাই নিশ্চিন্তে ভোট দিতে পারবেন।”
তিনি আরও জানান, ঢাকা-৩ আসনের নির্বাচনী দায়িত্বে যৌথ বাহিনীর সদস্যরা মাঠে সক্রিয়ভাবে কাজ করছেন। কেরানীগঞ্জ এলাকার সব ভোটকেন্দ্রে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। যেসব এলাকায় যানবাহন চলাচল সীমিত থাকবে, সেসব স্থানেও দ্রুত নিরাপত্তা নিশ্চিত করা হবে।
কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে তা দ্রুত নিয়ন্ত্রণে আনতে যৌথ বাহিনী সর্বোচ্চ প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।
স্থানীয় বাসিন্দারা জানান, নির্বাচনের আগে এ ধরনের নিরাপত্তা মহড়া ভোটারদের মধ্যে আস্থা তৈরি করবে এবং নির্ভয়ে ভোট দেওয়ার পরিবেশ নিশ্চিত করতে সহায়ক হবে।
