নেত্রকোনার সাংবাদিক লুৎফুজ্জামান ফকির আলিফ হত্যাকাণ্ডের রহস্য অচিরেই উদ্ঘাটন করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের ময়মনসিংহ বিভাগের উপমহাপরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ জাহিদুল হাসান।
রোববার (১৮ অক্টোবর) রাতে জামালপুরের দয়াময়ী মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ডিআইজি জাহিদুল হাসান বলেন, ময়মনসিংহ বিভাগের চারটি জেলায় উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। এর মধ্যে জামালপুরে ২২৭টি মণ্ডপে দুর্গোৎসব চলছে। পুরো বিভাগেই উৎসবমুখর পরিবেশে এ আয়োজন চলছে। সবগুলো আইনশৃঙ্খলা বাহিনীও তৎপর রয়েছে।
তিনি বলেন, এসআরবি,পুলিশ, আনসার এবং ফায়ার সার্ভিসসহ সবগুলো আইনশৃঙ্খলা বাহিনী সবসময় প্রস্তুত রয়েছে। গোয়েন্দা সংস্থাগুলো কাজ করছে, তাদের রিপোর্ট অনুযায়ী আমরা সব ধরনের ব্যবস্হা নিচ্ছি।
সাংবাদিক আলিফ হত্যাকাণ্ডের তদন্ত প্রসঙ্গে ডিআইজি বলেন, এ ঘটনায় সন্দেহভাজন সাজিবুল ইসলাম অপূর্বকে গ্রেপ্তার করা হয়েছে। আশা করছি, অচিরেই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করা সম্ভব হবে। কোথাও হত্যাকাণ্ড ঘটলে পুলিশ বিভিন্ন বিষয় বিবেচনায় নিয়ে তদন্ত করে। এ ক্ষেত্রেও সেভাবেই তদন্ত কার্যক্রম চলছে।
দয়াময়ী মন্দির পরিদর্শনের সময় জামালপুরের পুলিশ সুপার ফারহানা ইয়াসমিন, অতিরিক্ত পুলিশ সুপার মোর্শেদা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিবসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১৫ অক্টোবর রাত ৮টার দিকে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার তেলনজিয়া বাজারের একটি চায়ের দোকানে গুলিতে নিহত হন স্থানীয় সাংবাদিক লুৎফুজ্জামান ফকির আলিফ।
এ ঘটনায় ১৬ অক্টোবর নিহতের স্ত্রী আনন্দিতা সংমা বাদী হয়ে দুর্গাপুর থানায় অজ্ঞাতনামা সাত থেকে আটজনকে আসামি করে হত্যা মামলা করেন।
হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে সাজিবুল ইসলাম অপূর্ব (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ১৭ অক্টোবর রাত ১টার দিকে দুর্গাপুর পৌরসভার মধ্যবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
