Published on
:
1 min read
বন্ধ সেলুন থেকে উদ্ধার যুবকের মৃতদেহ। নদিয়ার গয়েশপুর বেদী ভবন বাজারে ঘটেছে এই ঘটনা। মঙ্গলবার যুবকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে খবর, মৃত যুবক গয়েশপুরের সাঁতরা পাড়ার বাসিন্দা। নাম অমিত শীল (৩৫)। গত চার দিন ধরে বন্ধ ছিল তাঁর সেলুন। গত দু'দিন ধরে দুর্গন্ধ পেয়ে সন্দেহ হয় স্থানীয়দের। মঙ্গলবার দুর্গন্ধ সহ্য করতে না পেরে তাঁরা খবর দেন স্থানীয় থানায়। পুলিশ এসে দরজা ভেঙে সেলুনে ঢুকে ওই যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার করে।ওই যুবকের মুখ কালো প্লাস্টিকে ঢাকা আর সেলুনের চারিদিকে জামা-কাপড় ছড়ানো ছিল। পুলিশ এই বিষয়টিকে খতিয়ে দেখছে।
স্থানীয়রা জানান, কয়েক দিন আগে পারিবারিক কারণে দাদার সঙ্গে ঝামেলা হয়েছিল অমিতের। যা মারপিট পর্যন্ত গড়িয়ে ছিল। এ ছাড়াও ওই যুবকের স্ত্রী'র বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল বলেও জানিয়েছে অমিতের পরিবারের লোকজন। মৃত্যুর আগে তাঁর এক বন্ধুকে একটি ভয়েস রেকর্ডও পাঠান ওই যুবক। রেকর্ডে তিনি জানিয়েছেন, তাঁর সমস্ত সম্পত্তি যেন পরিবারের কাউকে না দেওয়া হয়। কোনও ধর্মীয় স্থানে দান করার ইচ্ছা প্রকাশ করেছেন অমিত।
মৃতের দাদার দাবি, স্ত্রী'র বিবাহ বহির্ভূত সম্পর্ক না মেনে নিতে পেরে ভাই এই ঘটনা ঘটিয়েছে। এ ছাড়াও তাঁর সঙ্গে হওয়া ঝামেলার কথাও স্বীকার করেন তিনি। তবে, তার জন্য ভাই এই কাণ্ড ঘটিয়েছে তা তিনি মানতে চাননি।
ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মৃত্যুর কারণ স্পষ্ট না হলেও প্রাথমিক ভাবে পুলিশের অনুমান ওই যুবককে খুন করা হয়েছে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।
