মানিকগঞ্জের ঘিওরে হা-ডু-ডু খেলার ফাইনালে বড় কুষ্টিয়া স্পোর্টিং ক্লাবকে ২ পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সিংজুরী ইউনিয়নের কামারজাগী ভোরের আলো যুব সংঘ । রানার্সআপ হয়েছে পয়লা ইউনিয়নের বড় কুষ্টিয়া স্পোর্টিং ক্লাব ।
শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে ঘিওর উপজেলার দেওভোগ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বীরসিংজুরী, রুহন্ডী ও সিংজুরী গ্রামবাসীর উদ্যোগে এ প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির ।
খেলা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির বলেন, ‘আপনাদের দাওয়াত রইল, ঘিওর হেডকোয়ার্টারে হবে চূড়ান্ত হা-ডু-ডু খেলা, আর দৌলতপুরে হবে লাঠিখেলা ।’
তিনি বলেন, গ্রামবাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী খেলাধুলার মাধ্যমে নতুন প্রজন্মকে পূর্বপুরুষদের ইতিহাস ও সংস্কৃতির সঙ্গে পরিচিত করাতে হবে । হা-ডু-ডু ও লাঠিখেলার মতো দেশীয় খেলার আয়োজন তরুণদের মাঠমুখী করতে এবং মাদক থেকে দূরে রাখতে ভূমিকা রাখতে পারে।
সিংজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু মো. আসাদুর রহমান মিঠু চ্যাম্পিয়ন দল কামারজাগী ভোরের আলো যুব সংঘের পরিচালক ছিলেন।
সিংজুরী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল কাদের মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে খেলা উদ্যাপন কমিটির সাধারণ সম্পাদক শাহানুর রহমান সঞ্চালনা করেন । খেলার উদ্বোধন করেন ব্যারিস্টার জাওয়াদুল করিম নয়ন ।
এ সময় উপস্থিত ছিলেন ঘিওর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মীর মানিকুজ্জামান মানিক, যুগ্ম সম্পাদক জানে আলম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শওগত আলী খান, সিংজুরী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
