ইরান ও ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলার ঝুঁকির কথা উল্লেখ করে সৌদি আরবে ভ্রমণের বিষয়ে নাগরিকদের সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। দেশটিতে যাওয়ার পরিকল্পনা থাকলে তা পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে সৌদি আরবে অবস্থিত মার্কিন দূতাবাস।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দূতাবাসের সতর্কবার্তায় বলা হয়, ইরান ও ইরান-সমর্থিত হুথিদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঝুঁকি রয়েছে। এ ছাড়া সন্ত্রাসবাদের ঝুঁকির কথা উল্লেখ করে নাগরিকদের ইয়েমেনে ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
এদিকে ইয়েমেনের রাজধানী সানায় সৌদি-সমর্থিত বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়ানোর দাবি করেছে হুথি বিদ্রোহীরা। গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন, হুথি যোদ্ধারা রাজধানীতে সৌদি-সমর্থিত বাহিনীর মোকাবিলা করছেন।
সানায় একাধিক বিস্ফোরণের খবর প্রকাশের পর তার এ বক্তব্য আসে। মঙ্গলবার হুথি-সংশ্লিষ্ট সংবাদমাধ্যম আল-মাসিরাহ জানায়, সৌদি নেতৃত্বাধীন জোট সানার পশ্চিমাঞ্চলে একটি তেল স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে।
এর কিছুক্ষণ আগে সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি ওই এলাকার বাসিন্দাদের নিরাপত্তার স্বার্থে সরে যাওয়ার আহ্বান জানিয়েছিলেন।
সানার বাসিন্দারা জানিয়েছেন, তারা রাজধানীতে বিস্ফোরণের শব্দ শুনেছেন। ২০১৪ সাল থেকে শহরটি হুথিদের নিয়ন্ত্রণে রয়েছে। তবে হামলায় ঠিক কোন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
সূত্র: আল-জাজিরা
