ঘন ঘন মুষলধারে বৃষ্টি মোকাবিলা করার উপায় (৫) প্রতিরোধ ব্যবস্থা
এনএইচকে দুর্যোগ প্রশমন সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছে। গত গ্রীষ্মে জাপানজুড়ে একের পর এক প্রবল বর্ষণজনিত দুর্যোগ আঘাত হানে। চলতি ধারাবাহিকে আমরা সাম্প্রতিক ভারী বৃষ্টিপাতজনিত দুর্যোগ এবং এ থেকে সুরক্ষিত থাকার উপায়গুলো নিয়ে আলোচনা করেছি। আজ শেষ পর্বে, আমরা ভারী বৃষ্টিপাত মোকাবিলার উপায়গুলোর প্রতি নজর দেবো।
ভারী বৃষ্টির প্রস্তুতি হিসেবে, বিপজ্জনক এলাকা চিহ্নিতকারী ঝুঁকিসংক্রান্ত মানচিত্র এবং প্রাকৃতিক দুর্যোগকালীন সরে যাওয়ার তথ্যের জন্য অনুগ্রহ করে আপনার স্থানীয় পৌরসভার ওয়েবসাইট দেখুন। আপনি এনএইচকে'র ওয়েবসাইট "এনএইচকে ওয়ান"-এ থাকা জাতীয় ঝুঁকি মানচিত্রের মাধ্যমেও সারাদেশের দুর্যোগ ঝুঁকি যাচাই করতে পারেন। তবে, ঝুঁকি মানচিত্রের উদ্দেশ্য হলো ঝুঁকি শনাক্ত করতে সাহায্য করা, এবং এটি নিরাপত্তার কোনো নিশ্চয়তা দেয় না। মানচিত্রে চিহ্নিত নয় এমন এলাকায় থাকলেই যে আপনি নিরাপদ থাকবেন, এমনটা ধরে নেওয়া উচিত নয়, কারণ অতীতে চিহ্নিত নয় এমন এলাকাতেও বন্যা এবং প্রাণহানির ঘটনা ঘটেছে। এনএইচকে'র ঝুঁকিসংক্রান্ত তথ্য জানার ওয়েবসাইট ঠিকানা হলো: https://news.web.nhk/bousai-map/hazard/
চিবা জেলায় সাম্প্রতিক প্রবল বর্ষণে জলমগ্ন রাস্তায় বহু যানবাহন আটকা পড়ে। আন্ডারপাসগুলো, যা রাস্তা, রেললাইন বা অন্যান্য সড়কের নীচ দিয়ে চলে যায়, সেগুলোও ডুবে গিয়েছিল। এসময়ে একটি জলমগ্ন আন্ডারপাসে নিজের গাড়িতে আটকা পড়ে এক ব্যক্তি মারা গিয়েছেন। পরিবার এবং কর্মস্থলগুলোর উচিত দুর্যোগ মোকাবিলার বিষয়ে আগে থেকেই আলোচনা করে নেওয়া, যার মধ্যে রয়েছে ভারী বর্ষণের সময় অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলা এবং জলমগ্ন আন্ডারপাসে কখনোই প্রবেশ না করা।
ভারী বৃষ্টিপাত মোকাবিলা করার জন্য কেন্দ্রীয় ও স্থানীয় সরকার বাঁধ নির্মাণ এবং পানি নিষ্কাশন ব্যবস্থার মতো কাঠামোগত পদক্ষেপ গ্রহণ করছে। নাগোইয়া শহর ভয়াবহ ঝড়ের পর বৃষ্টির পানি সংরক্ষণের স্থাপনা তৈরি করেছে। সেপ্টেম্বরে যখন শহরটি প্রবল বর্ষণে আক্রান্ত হয়েছিল, তখন সেই স্থাপনাগুলো কার্যকর প্রমাণিত হয়েছিল বলে জানা গেছে। চিবা জেলায় একটি নদী উন্নয়ন প্রকল্পও নদীটিকে উপচে পড়া থেকে রক্ষা করতে সাহায্য করেছিল। তবে, অবকাঠামো উন্নয়নে সময় লাগে, এবং বৃষ্টিপাতের পরিমাণ প্রত্যাশিত মাত্রা ছাড়িয়ে গেলে সমস্ত ক্ষয়ক্ষতি প্রতিরোধ করা সম্ভব নাও হতে পারে।
জাপানে, ভারী বৃষ্টিপাত এক সময়ে নিরাপদ বলে চিহ্নিত এলাকাগুলোতেও ক্ষতি করতে পারে। আপনার স্থানীয় এলাকা এবং আপনি যে জায়গাগুলোতে যাতায়াত করেন, সেখানকার দুর্যোগ ঝুঁকি নিয়মিতভাবে পরীক্ষা করুন। যদি আবহাওয়া সংশ্লিষ্ট পরামর্শ বা সতর্কতা জারি করা হয়, তবে আপনার নিরাপত্তা নিশ্চিত করতে আগে থেকেই ব্যবস্থা নিন।
এই তথ্যসমূহ ২০২৬ সালের ১৬ই অক্টোবর পর্যন্ত নেয়া।