প্রায় এক দশকের অপেক্ষার পর নতুন থ্রাস্টারযুক্ত রোডস্টার উন্মোচন করেছে মার্কিন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) যুক্তরাষ্ট্রের টেক্সাসে গাড়িটি প্রদর্শন করেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ইলন মাস্ক। ২০২৮ সালে গাড়িটি বাজারে ছাড়ার পরিকল্পনা রয়েছে তার। খবর আনাদোলু এজেন্সির।
টেক্সাসের ম্যাকগ্রেগারে স্পেসএক্সের স্থাপনায় নতুন এই ‘উড়ন্ত গাড়ি’ প্রদর্শন করা হয়। হিউস্টন শহরের প্রায় ৩৫৪ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত এ স্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে টেসলার বহু ভক্ত উপস্থিত ছিলেন। তাদের মধ্যে এমন ক্রেতারাও ছিলেন, যারা গাড়িটি বাজারে এলে পাওয়ার আশায় নয় বছর আগে ২ লাখ ৫০ হাজার ডলার অগ্রিম জমা দিয়েছিলেন।
প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, প্রদর্শনীতে রোডস্টারটি কয়েকটি ব্যতিক্রমী কসরত দেখায়। এর মধ্যে ছিল উল্টো হয়ে চলা, পাশাপাশি রাখা পাঁচটি টেসলা গাড়ি টপকে যাওয়া এবং স্পেসএক্সের থ্রাস্টার ব্যবহার করে শূন্যে ঘোরা। তবে এমন প্রদর্শনীর পরও সাধারণ সড়কে গাড়িটি চালানোর আইনগত অনুমোদন পাওয়া যাবে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের উদ্দেশে মাস্ক বলেন, ‘এটি এমন একটি গাড়ি হবে, যা সত্যিকার অর্থেই রাস্তায় চলবে।’ তবে পরে তিনি নিজের বক্তব্যের ব্যাখ্যা দেন।
মাস্ক বলেন, ‘হ্যাঁ, তবে সেটা আপনার এলাকার রাস্তার ওপর নির্ভর করবে। কিন্তু এটি ব্যবহারযোগ্য গাড়ি হবে।’
তিনি আরও বলেন, ‘সব বিচারব্যবস্থায় এটি আইনসম্মত কি না, সে বিষয়ে আমি নিশ্চিত নই। তবে এমন একটি গাড়ি থাকবে, যার মালিক হওয়া যাবে।’
গাড়িশিল্পের বিশেষজ্ঞরা বলছেন, বিষয়টি গুরুত্বপূর্ণ। কারণ, একই ধরনের ব্যবস্থা থাকা বৈদ্যুতিক গাড়ি ব্যক্তিগত রেসিং ট্র্যাকে ব্যবহারের জন্য কেনা সম্ভব হলেও সাধারণ সড়কে চলাচলের আইনগত অনুমোদন নিশ্চিত করা সম্পূর্ণ ভিন্ন চ্যালেঞ্জ।
টেসলার দাবি, থ্রাস্টার চালু থাকলে নতুন রোডস্টারটি স্থির অবস্থা থেকে ঘণ্টায় ৯৬ দশমিক ৬ কিলোমিটার গতিতে পৌঁছাতে মাত্র এক সেকেন্ড সময় নেবে। গাড়িটির সর্বোচ্চ গতি হতে পারে ঘণ্টায় ৩৭০ কিলোমিটার।
তবে ২০২৮ সালে বাজারে আসার পরিকল্পনা থাকলেও গাড়িটির দাম এখনো ঘোষণা করেনি টেসলা। এর আগে প্রাথমিক ক্রেতারা গাড়িটির জন্য ২ লাখ ৫০ হাজার ডলার করে অগ্রিম দিয়েছিলেন।
নতুন রোডস্টারের ব্যাটারির ধারণক্ষমতাও প্রকাশ করেনি প্রতিষ্ঠানটি। বর্তমান মডেলটির একবার পূর্ণ চার্জে প্রায় ৯৯৮ কিলোমিটার চলার সক্ষমতা রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সূত্র : আনাদোলু এজেন্সি
