নির্ধারিত সময়ের সতের দিন অতিবাহিত হলেও ভোলার লালমোহনের ৬টি ইউনিয়নের প্রায় ১৬ হাজার ৫৭৫ জন জেলেদের বরাদ্দকৃত মৎস্য ভিজিএফ চাল এখনো পায়নি। ৭ অক্টোবরের মধ্যে বরাদ্দকৃত জনপ্রতি ২৫ কেজি চাল বিতরণ করার কথা থাকলেও বিতরণ করেনি দায়িত্বপ্রাপ্তরা। বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা জানান, তালিকা প্রস্তুত এবং সমন্বয়হীনতার কারণে এখনো চাল বিতরণ করা হয়নি, তবে দ্রুত সমেয়র মধ্যে চাল বিতরণ কার্যক্রম সম্পন্ন হবে।
৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিনের জন্য ইলিশ প্রধান প্রজনন মৌসুম উপলক্ষে মেঘনা ও তেঁতুলিয়া নদীর মৎস্য অভয়ারণ্য এলাকায় সকল ধরনের মাছ ধরা নিষিদ্ধ রয়েছে। প্রতি বছর ইলিশসহ অন্যান্য মাছের প্রজনন ও বংশবৃদ্ধি নিশ্চিত করতে সরকার এই বাইশ দিন সকল প্রকার মাছ ধরা নিষিদ্ধ করে। এ সময় ইলিশ ধরা, বিক্রি, সংরক্ষণ ও বাজারজাতকরণ সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। মাছ আহরণ, পরিবহন ও বিক্রিও আইনত দণ্ডনীয়। মৎস্যসম্পদ রক্ষায় এই উদ্যোগকে প্রয়োজনীয় মনে করলেও জেলেদের জন্য সময়টি কঠিন মুহূর্ত।
জেলেরা এই বাইশ দিন জেলেরা কর্মহীন হয়ে পড়ে। এ সময় জেলেদের জন্য সরকার ২৫ কেজি চাল দিয়ে থাকেন। তবে এই বরাদ্দ নিয়ে জেলেদের মাঝে চরম ক্ষোভ থাকে। জেলেদের দাবি তালিকাভুক্ত হয়েও প্রকৃত জেলে হিসেবে চাল পান না তারা। লালমোহন উপজেলায় মোট ২৪ হাজারেরও বেশি জেলে তালিকাভুক্ত থাকলেও চাল বরাদ্দ হয়েছে ২১০০০ হাজার জেলের জনের জন্য।
উপজেলা মৎস্য অফিসার আলী আহমেদ আখন্দ জানান, চাল বিতরণের জন্য অফিস থেকে ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্তদের বারবার তাগিদ দেওয়া হয়। তবে দু-একদিনের মধ্যে চাল বিতরণ সম্পন্ন হবে বলে জানান তিনি।
চাল বিতরণেও বরাবরই অসচ্ছতার অভিযোগ থাকে। তবুও নদীতে নিষিদ্ধ সমেয়র আগেই বরাদ্দকৃত চাল পাবেন এমনটাই আশা করেছিলেন জেলেরা। কিন্তু নির্ধারিত সময় শেষ প্রান্তে, তবুও জেলেদের হাতে এখনো চাল পৌঁছেনি। নির্ধারিত সময়ে চাল না পাওয়ায় চরম দুর্ভোগে পড়েন জেলেরা। পরিবার-পরিজন নিয়ে জীবিকা নির্বাহে হিমশিম খাচ্ছেন তারা। এ সময় ধারদেনা করে তাদের চলতে হয়। এতে করে ক্ষোভ ও হতাশা বাড়ছে তাদের মধ্যে।
উপজেলার মেঘনা পাড়ের জেলে কামরুল মাঝি, মাকসুদ মাঝি, আব্বাস মাঝি, রুবেল মাঝিসহ কয়েকজন মাঝি জানান, মাছ ধরায় নিষেধাজ্ঞার কারণে আয়ের প্রধান উৎস বন্ধ থাকে। এ সময় সরকারি সহায়তার চালই একমাত্র ভরসা আমাদের। সঠিক সময়ে চাল না পাওয়ার কারণে আমাদের ঋণ আরও বাড়ছে এবং অনেক কস্টের মধ্যে দিন কাটছে। সন্তানদের লেখাপড়ার খরচ মেটাতে পারছে না জেলে পরিবারগুলো। এদিকে এনজিও থেকে নেওয়া ঋণের কিস্তির টাকা ধারদেনা করে শোধ করতে হয়।
সূত্র জানা যায়, চেয়ারম্যান ও স্থানীয় সরকার দলীয় নেতাদের সমন্বয় এবং তালিকা প্রণয়ন ও যাচাই-বাছাইয়ে সমন্বয়হীনতার কারণে অনেক ইউনিয়নে জেলেরা এখনো সরকারি সহায়তার চাল থেকে বঞ্চিত রয়েছেন। তবে দু-একদিনের মধ্যে চাল বিতরণ করা হবে বলে জানান চেয়ারম্যানরা।
উপজেলা নির্বাহী কর্মকতা মোহাম্মদ সিফাত বিন সাদেক জানান, মৎস্য অফিস থেকে তালিকাসম্পন্ন করে দ্রুততম সময়ের মধ্যে সকল ইউনিয়নের চাল বিতরণ সম্পন্ন করার জন্য বলেছি।
