খাগড়াছড়িতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
১৪ অক্টোবর ২০২৬, ০৫:২২ পিএম

খাগড়াছড়িতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও অগ্নিকাণ্ডবিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে জেলা প্রশাসনের আয়োজনে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় এবং খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের সহযোগিতায় এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ির জেলা প্রশাসক আনোয়ার সাদাত।
মহড়ায় ফায়ার সার্ভিসের কার্যক্রমের সঙ্গে সমন্বয় করে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির যুব রেড ক্রিসেন্ট, খাগড়াছড়ি ইউনিটের সদস্যরা অংশ নেন। এ সময় উদ্ধার কার্যক্রম, প্রাথমিক চিকিৎসা প্রদান, অগ্নিনির্বাপণ পদ্ধতি এবং জরুরি পরিস্থিতিতে করণীয় বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
আয়োজকেরা জানান, দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি, জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার সক্ষমতা উন্নয়ন এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদার করাই এসব কর্মসূচির উদ্দেশ্য।
দুর্যোগের ঝুঁকি ও ক্ষয়ক্ষতি কমাতে জনসচেতনতা, আগাম প্রস্তুতি এবং সরকারি-বেসরকারি সংস্থাসহ সর্বস্তরের মানুষের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।

