ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে অজ্ঞাত গাড়ির চাপায় এক দম্পতি নিহত হয়েছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ৭টার দিকে উপজেলার হরিপুর মসজিদ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- দাউদকান্দি উপজেলার জিংলাতলী গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে নজরুল ইসলাম (৬২) এবং তার স্ত্রী ঝরনা বেগম (৪৮)।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে ফজরের নামাজ শেষ করে প্রতিদিনের মতো নজরুল ইসলাম ও ঝরনা বেগম প্রাতঃভ্রমণে বের হন। জিংলাতলীর নিজ বাড়ি থেকে হেঁটে তারা মহাসড়কের এক পাশ ধরে গৌরীপুর ইউনিয়নের হরিপুর এলাকায় পৌঁছান। এ সময় দ্রুতগামী একটি অজ্ঞাত গাড়ি তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। গাড়ির ধাক্কায় দুজনই মহাসড়কের পাশের নিচু স্থানে ছিটকে পড়েন।
দুর্ঘটনার প্রায় এক ঘণ্টা পর পথচারীরা তাদেরকে উদ্ধার করে স্থানীয় গৌরীপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। একসঙ্গে স্বামী-স্ত্রীর এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রেমলাল দাস বলেন, নিহতের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। ঘাতক গাড়িটি চাপা দিয়ে পালিয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি। তবে মহাসড়কের সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে গাড়িটি চিহ্নিত করার চেষ্টা চলছে।
