জয়পুরহাটের কালাই উপজেলায় এক তরুণীকে সিঁদুর দিতে চাওয়ার ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই নারীসহ পাঁচজন আহত হয়েছেন। এ ঘটনায় এক পক্ষের বিরুদ্ধে বাড়িঘর ভাংচুর, মারধর ও নগদ টাকা-স্বর্ণালংকার লুটের অভিযোগ উঠেছে। তবে অপর পক্ষের দাবি, তাদের ওপর হামলা চালানো হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার পুনট ইউনিয়নের মালিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেনÑ সুবর্ণা (৪০), মলিনা রানী (৫৫), গোবিন্দ (৪৫), জয় (২৫) ও চিচোরুন (৪৬)। তাদের মধ্যে সুবর্ণা, মলিনা রানী ও গোবিন্দ এক পক্ষের এবং জয় ও চিচোরুন অপর পক্ষের বলে জানা গেছে।
আহতদের মধ্যে তিনজনকে জয়পুরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। গুরুতর আহত চিচোরুনকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কালাই থানার ওসি সাইদুল আলম বলেন, আমরা ঘটনাটি শুনেছি। এখন পর্যন্ত কোনো পক্ষই থানায় অভিযোগ করেনি।