প্রথম সপ্তমীর সন্ধ্যা ভাসিয়ে দিয়েছিল বৃষ্টি। গতকাল, রবিবারও বিভিন্ন জায়গায় সন্ধের পর বৃষ্টি হয়েছে। তাহলে কি অষ্টমীতেও পিছু ছাড়বে না বৃষ্টি? কেমন থাকবে মহাষ্টমীর আবহাওয়া? কী জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর? অষ্টমীর সকাল থেকে রোদ ঝলমলে আবহাওয়া দেখা যাচ্ছে। রাজ্যের সব পুজো মণ্ডপে সকাল থেকেই চলেছে অষ্টমীর অঞ্জলীর অনুষ্ঠান। গোটা দিনই কি এমন আবহাওয়া থাকবে?
হাওয়া অফিসের শহরভিত্তিক পূর্বাভাস, সোমবার কলকাতার আকাশ মূলত পরিষ্কার থাকতে পারে। পরে আকাশ আংশিক মেঘলা হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই। আগামী কাল, মঙ্গলবারও একই ধরনের আবহাওয়ার পূর্বাভাস থাকছে। দু’দিনই সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকছে। সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে। তবে বৃষ্টির সম্ভাবনা কমলেও ভ্যাপসা গরম ও আর্দ্রতার অস্বস্তি থাকছেই। সেই অস্বস্তি কবে কাটবে? এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।
দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে? এই মুহূর্তে কলকাতার বাইরে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে ভারী বৃষ্টির বিশেষ কোনও সম্ভাবনা নেই। রাজ্যের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া মূলত শুষ্ক থাকছে। তবে স্থানীয়ভাবে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। এদিন কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে আগামী কাল, মঙ্গলবার থেকে আবহাওয়া তুলনামূলকভাবে শুষ্ক থাকার ইঙ্গিত মিলছে।
উত্তরের জেলাগুলিতে কেমন থাকবে আবহাওয়া? হাওয়া অফিস জানাচ্ছে, দার্জিলিং ও কালিম্পংয়ের পাহাড়ি এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টির আর কোনও সম্ভাবনাই থাকছে না। উত্তরের জেলাগুলিতে আবহাওয়া মূলত শুষ্ক থাকছে। তাপমাত্রাও রাতের দিকে নামতে শুরু করবে। পাহাড়ি এলাকায় কোথাও কোথাও বৃষ্টি হলেও রাজ্যের বাকি অংশে আবহাওয়া তুলনামূলক স্থিতিশীল থাকবে। এমনই হাওয়া অফিস সূত্রে জানানো হয়েছে।
