সংবাদ বিজ্ঞপ্তি · ১৫ অক্টোবর, ২০২৬ ৬:১৪ অপরাহ্ন
সিলেটের স্কলার্সহোম মেজরটিলা কলেজে দশম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে কলেজ প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়।
সভায় কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হক শিক্ষার্থীদের আসন্ন এসএসসি নির্বাচনী পরীক্ষার প্রস্তুতির ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, পূজার ছুটি পড়াশোনার ঘাটতি পূরণ, দুর্বল বিষয়গুলোতে দক্ষতা বৃদ্ধি এবং আসন্ন পরীক্ষার প্রস্তুতি জোরদার করার একটি সুযোগ। ছুটির সময়কে কাজে লাগাতে পারলে শিক্ষার্থীরা পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের পথে এগিয়ে যেতে পারবে।
শিক্ষার্থীদের ছুটিকালীন পড়াশোনাকে পরিকল্পিত করার লক্ষ্যে অধ্যক্ষ প্রত্যেক শিক্ষার্থীর হাতে একটি খোলা চিঠি ও পড়াশোনার রুটিন তুলে দেন।
অভিভাবকদের প্রতি অনুরোধ জানিয়ে অধ্যক্ষ বলেন, তাঁরা যেন বাড়িতে সন্তানদের জন্য উপযুক্ত পড়াশোনার পরিবেশ নিশ্চিত করেন এবং নির্ধারিত রুটিন অনুসরণে নিয়মিত তদারকি করেন।
শিক্ষার্থীদের সাফল্য অর্জনে প্রতিষ্ঠান, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টার কোনো বিকল্প নেই বলে তিনি উল্লেখ করেন।
সভায় সংশ্লিষ্ট শিক্ষার্থীদের অভিভাবক, একাডেমিক কো-অর্ডিনেটর এবং শ্রেণিশিক্ষকেরা উপস্থিত ছিলেন।
গুগলে আমাদের খবর পেতে
