রাজধানীর মহাখালী বাস টার্মিনালে এক যাত্রীর পকেট কেটে ৫০ হাজার টাকা চুরি করে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে এক যুবককে গ্রেপ্তার করেছে ট্রাফিক পুলিশের সদস্যরা। গতকাল শনিবার সকালে মহাখালী বাস টার্মিনালের আউটগেটের মুখে এ ঘটনা ঘটে। গুলশান ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মো. জিয়াউর রহমান জানান, টার্মিনালের আউটগেটে দায়িত্ব পালন করছিলেন সার্জেন্ট আজিজুল হক ও কনস্টেবল কামরুল। এ সময় তারা এক যুবককে দৌড়ে পালানোর চেষ্টা করতে দেখেন। আজমেরী পরিবহনের যাত্রী নুরুল আমিনের পকেট কেটে ৫০ হাজার টাকা চুরি করে পালানোর অভিযোগে ওই ব্যক্তিকে ধাওয়া করে আটক করেন তারা। পরে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আটক ব্যক্তিকে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় হস্তান্তর করা হয়েছে।
এদিকে রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন ঘটনায় ৪০টি মামলা দায়ের করা হয়েছে।
গতকাল এক বার্তায় ডিএমপি জানায়, অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ২৯ জন, লালবাগ বিভাগে ৪০, ওয়ারী বিভাগে ৭৪, মতিঝিল বিভাগে ৫৮, তেজগাঁও বিভাগে ৭২, মিরপুর বিভাগে ১৩১, গুলশান বিভাগে ৩৭, উত্তরা বিভাগে ৩৮ এবং গোয়েন্দা বিভাগে দুজন রয়েছেন। অভিযানকালে ১০ হাজার ১৪৫ পিস ইয়াবা, ৬ দশমিক ১৭ গ্রাম হেরোইন, ৫০০ গ্রাম তামার তার, এক হাজার পিস সাবান ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
