প্রশিক্ষণ চলাকালীন মাঝআকাশে মর্মান্তিক দুর্ঘটনা। পাশাপাশি চলার সময় ধাক্কা লাগল দুই সামরিক বিমানের। দুর্ঘটনার জেরে মাটিতে আছড়ে পড়ে বিমানটি। এই ঘটনায় ৪ জন পাইলটের মৃত্যু হয়েছে। শনিবার মর্মান্তিক এই দুর্ঘটনার তথ্য প্রকাশ্যে এনেছে দেশটির বিমান বাহিনী। ভয়ংকর সেই দুর্ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়।
জানা যাচ্ছে, শুক্রবার বিকেলে এই দুর্ঘটনা ঘটে ফিলিপিন্সের ম্যানিলার দক্ষিণে ফার্নান্দো বিমান ঘাঁটিতে। বায়ুসেনার প্রশিক্ষণের উদ্দেশে আকাশে উড়েছিল একাধিক বিমান। প্রশিক্ষণ চলাকালীন হঠাৎই পাশাপাশি চলে আসে দুটি এসএফ-২৬০ এয়ারক্রাফট। মুহূর্তের মধ্যে ধাক্কা লাগে বিমান দুটির প্রপেলারে। এরপরই মাটিতে আছড়ে পড়ে বিমান দুটি। ঘটনার জেরে মৃত্যু হয় বিমানে থাকা ৪ জন পাইলটের।
বায়ুসেনার প্রশিক্ষণের উদ্দেশে আকাশে উড়েছিল একাধিক বিমান। প্রশিক্ষণ চলাকালীন হঠাৎই পাশাপাশি চলে আসে দুটি এসএফ-২৬০ এয়ারক্রাফট।
ফিলিপিন্স বিমান বাহিনীর মুখপাত্র কর্নেল আলভিন ক্যাপিনগুইয়ান বলেন, “প্রশিক্ষণ চলাকালীন এই দুর্ঘটনা মর্মান্তিক। দুর্ঘটনার পর উভয় বিমানই বায়ুসেনা ঘাঁটির সীমানার মধ্যে বিধ্বস্ত হয়েছে। ৪ জন পাইলটের মৃত্যু হয়েছে। অন্য কোনও হতাহতের খবর এখনও পাওয়া যায়নি।” কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে বিমানবাহিনীর এসএফ-২৬০ যুদ্ধবিমানের বহরকে সাময়িকভাবে বসিয়ে দেওয়া হয়েছে।
Philippine Air Force planes FLY DANGEROUSLY CLOSE before COLLIDING MID-AIR — BOTH SPIRAL OUT OF CONTROL & CRASH during TRAINING 4 AIR FORCE PILOTS KILLED https://t.co/fgqEdxJNM3
— RT (@RT_com) October 24, 2026
উল্লেখ্য, ফিলিপিন্সে এহেন দুর্ঘটনার ঘটনা প্রথমবার নয়, সাম্প্রতিক বছরগুলোতে ফিলিপিন্সের সামরিক বিমান সংক্রান্ত বেশ কয়েকটি প্রাণঘাতী দুর্ঘটনা ঘটেছে। গত মে মাসে, উত্তর ফিলিপিন্সে বেঙ্গুয়েট প্রদেশে একটি প্রশিক্ষণ উড়ানের সময় আরেকটি এসএফ-২৬০ বিমান বিধ্বস্ত হয়ে দুই সামরিক পাইলট নিহত হন।
