মাগুরা পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাকের হোসেন হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ সর্বস্তরের জনগণ। গতকাল সকাল সাড়ে ১০টায় চৌরঙ্গী মোড় মাগুরা প্রেস ক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন- মাগুরা জেলা বিএনপি’র সদস্য আলমগীর হোসেন, কুতুবউদ্দিন, মাগুরা বাস-মিনি-মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মারুফ হোসেন, জেলা যুবদলের সভাপতি ওয়াসিকুর রহমান কল্লোল, সাধারণ সম্পাদক ফিরোজ হোসেন, যুবদলের সহ-সভাপতি আমিরুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুর রহিম ও জেলা মহিলা দলের সভানেত্রী স্মৃতি প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, গত বুধবার ভোরে মাগুরা বাস টার্মিনাল এলাকায় রয়েল কাউন্টারে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন সাকের হোসেন। ঘটনার ৪ দিন পেরিয়ে গেলেও পুলিশ এখনো প্রকৃত আসামিকে ধরতে পারেনি। পুলিশ সন্দেহভাজন দু’জনকে গ্রেপ্তার করলেও মূল আসামি এখনো ধরাছোঁয়ার বাইরে। তাই প্রকৃত আসামিকে খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি জানান তারা। তা না হলে কঠোর কর্মসূচির মাধ্যমে মাগুরাকে অচল করে দেয়া হবে বলে হুমকি দেন বক্তারা।
