সংবাদ বিজ্ঞপ্তি · ১৪ অক্টোবর, ২০২৬ ২:৪০ অপরাহ্ন
মৌলভীবাজারের জুড়ীতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানসহ কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে দেওয়া রায়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন সংগঠনটির নেতাকর্মীরা।
বুধবার (১৪ অক্টোবর) জুড়ী উপজেলার নাইট চৌমুহনী এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। একই সঙ্গে রাজনৈতিক মামলায় আটক নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়।
উপজেলা ছাত্রলীগের নেতা হাবিবুর রহমান জয়ের নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। মিছিলে কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে দেওয়া রায়গুলোকে ‘ফরমায়েশি’ আখ্যা দিয়ে তা বাতিলের দাবি জানানো হয়। পাশাপাশি আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
মিছিলে নেতৃত্বদানকারী নিষিদ্ধ সংগঠনের নেতা হাবিবুর রহমান জয় বলেন, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানসহ নেতাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে রায় দেওয়া হয়েছে। এসব রায় বাতিলের পাশাপাশি রাজনৈতিক কারণে আটক দলীয় নেতাকর্মীদের মুক্তির দাবি জানান তিনি।
এ বিষয়ে জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম মিছিলের সত্যতা নিশ্চিত করে জানান, সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
গুগলে আমাদের খবর পেতে
