মৌলভীবাজারের কমলগঞ্জে ধলাই নদীতে বিষ দিয়ে দেশীয় প্রজাতির মাছ নিধনের অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকাল থেকে নদীর বিভিন্ন স্থানে মরা মাছ ভেসে উঠলে ছোট শিশুরাসহ স্থানীয় লোকজন এগুলো সংগ্রহ করতে দেখাযায়। বিষক্রিয়ায় মারা যাওয়া মাছ খেলে স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে বলে সতর্ক করেছেন চিকিৎসক। নির্বিচারে মাছ নিধনে নদীর জীববৈচিত্র হুমকিতে পড়ার আশঙ্কা করছেন সচেতন মহল।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতের আঁধারে নদীতে বিষ দিয়ে মাছ নিধন করে একদল দুর্বৃত্তরা। বাঘ মাছ, মিরগা, চিংড়ি, বাইং, গুলশা, মলা-ঢেলা ও পুঁটিসহ বিভিন্ন দেশীয় প্রজাতির মারা মাছ নদীতে ভেসে উঠেছে। পরে মশারি ও জাল দিয়ে এসব মাছ সংগ্রহ করছেন স্থানীয় বাসিন্দারা।
মাছ সংগ্রহ করতে আসা জয়নাল মিয়া ও তাঁর ছেলে জানান, প্রতিবছরই নদীতে বিষ প্রয়োগ করে মাছ নিধনের ঘটনা ঘটে। তাঁরা এসব মাছ বাড়িতে নিয়ে রান্না করে খান। তবে এভাবে মাছ নিধনকে অন্যায় বলে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি জানান।
স্থানীয় বাসিন্দা তামিম ও নাজমুল হাসান বলেন, শুষ্ক মৌসুমে প্রায়ই এ ধরনের ঘটনা ঘটে। প্রশাসনকে জানিয়েও কার্যকর প্রতিকার পাওয়া যায়নি। এভাবে মাছ নিধন চলতে থাকলে নদীর জীববৈচিত্র্য মারাত্মক ক্ষতির মুখে পড়বে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সাকুর আহমেদ বলেন, বিষক্রিয়ায় মারা যাওয়া মাছ রান্না করে খেলেও স্বাস্থ্যের ক্ষতি হতে পারে। এতে কিডনি ও স্নায়ুতন্ত্র আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই বিষ প্রয়োগে মারা গেছে বলে সন্দেহ হয়, এমন মাছ খাওয়া থেকে বিরত থাকতে হবে।
উপজেলা মৎস্য কর্মকর্তা জয় বণিক বলেন, নদীতে বিষ প্রয়োগ করে মাছ নিধন কোনোভাবেই কাম্য নয়। এ বিষয়টি খতিয়ে দেখবেন বলে তিনি জানান।
