শারদীয় দুর্গাপূজা উপলক্ষে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরে টানা আট দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে দুই দেশের পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।
আজ বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন বুড়িমারী সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ এস এম নিয়াজ নাহিদ।
বুড়িমারী স্থল শুল্ক স্টেশন (কাস্টমস) ও সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন সূত্রে জানা গেছে, দুর্গাপূজা উপলক্ষে আগামী ১৭ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ভারত থেকে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। এরপর ২৩ অক্টোবর শুক্রবারও বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকবে। দুই দেশের সাপ্তাহিক ছুটিসহ মোট আট দিন বন্ধের পর ২৪ অক্টোবর থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম আবার চালু হবে।
ভারতের কোচবিহার রাজ্যের চ্যাংড়াবান্ধা এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন চিঠি দিয়ে ছয় দিন আমদানি-রপ্তানি বন্ধ রাখার কথা জানিয়েছে। সংগঠনটির সাধারণ সম্পাদক অজয় কুমার সাহা এবং কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিকাশ কুমার সাহা চিঠিতে বন্ধ ও কার্যক্রম চালুর তারিখ উল্লেখ করেছেন।
এ সময়ে ভারতের ট্রানজিট রুট ব্যবহার করে বুড়িমারী স্থলবন্দর দিয়ে ভুটান ও নেপালের সঙ্গে পণ্য পরিবহন এবং আমদানি-রপ্তানিও বন্ধ থাকবে।
চিঠিতে আরও জানানো হয়েছে, কালীপূজা উপলক্ষে আগামী ৮ থেকে ১০ নভেম্বর তিন দিন এবং ছটপূজা উপলক্ষে ১৫ ও ১৬ নভেম্বর দুই দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।
বুড়িমারী স্থল শুল্ক স্টেশন ও স্থলবন্দর কর্তৃপক্ষ বন্ধের চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। তবে দুই দেশের স্থলবন্দরের ইমিগ্রেশন চৌকি খোলা থাকবে এবং পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসআই) সাইফুল ইসলাম।
বুড়িমারী স্থল শুল্ক স্টেশনের সহকারী কমিশনার মতলেবুর রহমান বলেন, ‘দুর্গাপূজা উপলক্ষে ভারতীয় চ্যাংড়াবান্ধা স্থল শুল্ক স্টেশনের ব্যবসায়ীরা চিঠি দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ রাখার কথা জানিয়েছেন। তবে আমাদের শুল্ক দপ্তর খোলা থাকবে।’
