জাপানে কর্মরত বাংলাদেশি কর্মীদের আইনি সুরক্ষা, দক্ষতা উন্নয়ন, উচ্চ বেতন এবং দীর্ঘমেয়াদে বসবাসের সুযোগ সম্প্রসারণে দেশটির সঙ্গে সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ। চুক্তিতে জাপানের স্থানীয় কর্মীদের সমতুল্য আইনি সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি কর্মক্ষেত্রে নারী-পুরুষের সমান সুযোগ এবং গর্ভাবস্থা ও সন্তান জন্মদানের কারণে নারী কর্মীদের প্রতি বৈষম্য রোধে গুরুত্ব দেওয়া হয়েছে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী সোমবার (২০ অক্টোবর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, গত শনিবার জাপানের সঙ্গে প্রবাসী কর্মীদের সুরক্ষাবিষয়ক একটি সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর মাধ্যমে দুই দেশের মধ্যে কর্মী পাঠানো ও গ্রহণের ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার হবে। একই সঙ্গে জাপানে কর্মরত বাংলাদেশি কর্মীদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার নতুন সুযোগ তৈরি হবে।
চুক্তিতে নারী কর্মীদের অধিকার সুরক্ষার বিষয়টি বিশেষভাবে গুরুত্ব পেয়েছে উল্লেখ করে আরিফুল হক চৌধুরী বলেন, কর্মক্ষেত্রে নারী ও পুরুষ সমান সুযোগ পাবেন। গর্ভাবস্থা কিংবা সন্তান জন্মদানের কারণে কোনো নারী কর্মীকে চাকরিচ্যুত করা যাবে না বা তাঁর সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা যাবে না। এমনকি এসব কারণে কোনো নারী কর্মীকে বাধ্যতামূলকভাবে দেশে ফেরত পাঠানোর বিধানও চুক্তিতে রাখা হয়নি।
মন্ত্রী বলেন, এ চুক্তির ফলে বাংলাদেশি কর্মীদের দক্ষতা উন্নয়ন, অধিক বেতন এবং জাপানে দীর্ঘমেয়াদে বসবাসের সুযোগ সম্প্রসারিত হবে। কর্মীদের সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি দুই দেশের পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
প্রবাসী কর্মীদের বিমানবন্দরে যাতায়াত ও লাগেজ পরিবহন সহজ করতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে ২০০টি লাগেজ ট্রলি হস্তান্তর করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
আজ দুপুরে বিমানবন্দরে আয়োজিত এক অনুষ্ঠানে মন্ত্রী আরিফুল হক চৌধুরী এসব ট্রলি হস্তান্তর করেন। পরে তিনি বিমানবন্দরের অভ্যন্তরে প্রবাসী কল্যাণ ডেস্ক পরিদর্শন করেন।
সাংবাদিকদের মন্ত্রী বলেন, যাত্রীদের সুবিধা বাড়াতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে ২০০টি ট্রলি হস্তান্তর করা হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নিজস্ব উদ্যোগেও আরও ট্রলি যুক্ত করা হবে। এতে বিমানবন্দরে যাত্রীদের লাগেজ পরিবহন সহজ হবে।
সৌদি আরবে আটকে পড়া যাত্রীদের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আরিফুল হক চৌধুরী বলেন, ফ্লাইট সংকটের কারণে আটকে পড়া যাত্রীদের অন্য এয়ারলাইনসের মাধ্যমে দ্রুততম সময়ে গন্তব্যে পৌঁছে দিতে মন্ত্রণালয় কাজ করছে।
ইতিমধ্যে আটকে পড়া যাত্রীদের মধ্যে বগুড়া ও কুমিল্লার দুজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে বলে জানান তিনি। এ বিষয়ে সংশ্লিষ্ট বাংলাদেশি মিশনগুলো নিবিড়ভাবে কাজ করছে।
গুগলে আমাদের খবর পেতে
