মোঃ নুর জামাল হক, রংপুর: কৃষক, খেতমজুর ও কৃষিভিত্তিক শিল্পের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘সমাজতান্ত্রিক খেতমজুর ও কৃষক ফ্রন্ট’-এর দ্বিতীয় কেন্দ্রীয় সম্মেলন। সম্মেলনে কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং বন্ধ পাটকল ও চিনিকল পুনরায় চালুর দাবি গুরুত্ব পায়।
সম্মেলনের মূল মঞ্চের ব্যানারে বলা হয়, “কৃষি-কৃষক-খেতমজুর ও কৃষিভিত্তিক শিল্প পাটকল-চিনিকল রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলুন।”
এতে সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দের পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা কৃষক, খেতমজুর ও প্রতিনিধিরা অংশ নেন। মঞ্চে উপবিষ্ট কেন্দ্রীয় নেতারা দেশের বর্তমান কৃষি পরিস্থিতি, কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং বন্ধ পাটকল ও চিনিকল পুনরায় চালুর বিষয়ে বক্তব্য দেন।
বক্তারা বলেন, দেশের অর্থনীতিকে সচল রাখতে কৃষক ও খেতমজুরদের অবদান অনস্বীকার্য। অথচ প্রয়োজনীয় সহায়তার অভাব ও নীতিগত দুর্বলতার কারণে তাঁরা নানা সংকটে রয়েছেন। এ পরিস্থিতি থেকে উত্তরণ এবং কৃষক ও খেতমজুরদের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই।
সম্মেলনে কৃষি ও কৃষকসমাজের স্বার্থ রক্ষা, খেতমজুরদের অধিকার প্রতিষ্ঠা এবং কৃষিভিত্তিক শিল্প পাটকল ও চিনিকল টিকিয়ে রাখতে আন্দোলন জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।
সম্মেলন শেষে সংগঠনের ভবিষ্যৎ আন্দোলন-সংগ্রামের কর্মপরিকল্পনা নির্ধারণ এবং নতুন কেন্দ্রীয় কমিটি গঠন নিয়ে আলোচনা করা হয়।
সানা/কেএমএএ/আপ্র/২৪/১০/২০২৬
