রাজবাড়ী: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় বন্ধুদের সঙ্গে পদ্মা নদীতে গোসল করতে নেমে নুর আমিন ফকির (৮) নামে এক শিশু নিখোঁজ হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে দৌলতদিয়া ৬ ও ৭ নম্বর ফেরিঘাটের মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ নুর আমিন দৌলতদিয়া ইউনিয়নের শাহাদাত মেম্বার পাড়া এলাকার রেজাউল ফকিরের ছেলে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস, নৌ-পুলিশ, থানা-পুলিশ ও ডুবুরিরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন।
নুর আমিনের বন্ধু সাব্বির জানায়, দুপুরে তারা চার বন্ধু একসঙ্গে পদ্মা নদীতে গোসল করতে যায়। তাদের সবার কাছে যানবাহনের টায়ার ছিল। সাঁতার কাটার একপর্যায়ে নুর আমিন টায়ার থেকে বিচ্ছিন্ন হয়ে নদীর পানিতে ভেসে যায়। এ সময় তারা চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে এসে অন্যদের উদ্ধার করেন। তবে নুর আমিনের সন্ধান পাওয়া যায়নি।
গোয়ালন্দ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন লিডার মো. শরিফুল ইসলাম জানান, দুপুর ১টার কিছুক্ষণ পর পদ্মা নদীতে নুর আমিন নামে এক শিশু ডুবে যাওয়ার খবর পান তারা। এরপরই উদ্ধার অভিযান শুরু করা হয়।
তিনি আরও বলেন, শিশুটিকে উদ্ধারে সাত সদস্যের ডুবুরি দল কাজ করছে। তার সন্ধান না পাওয়া পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।
