কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর ব্যক্তিগত সহকারীর জগতে নতুন মাত্রা যোগ করতে ‘ওয়াবি’ চালু করেছেন রেপ্লিকার প্রতিষ্ঠাতা ইউজেনিয়া কুইডা। এটি এমন একটি এআই সহকারী, যা ই-মেইল ব্যবস্থাপনা, পারিবারিক পরিকল্পনা, স্বাস্থ্যসংক্রান্ত লক্ষ্য নির্ধারণসহ নানা কাজে সাহায্য করতে পারে। পাশাপাশি একাধিক ব্যক্তিকে একই এআই-চালিত কথোপকথনে যুক্ত করে যৌথ কাজের সুযোগও দেবে প্ল্যাটফর্মটি।প্রতিটি থ্রেডের মধ্যে প্রয়োজন অনুযায়ী ছোট অ্যাপও তৈরি হবে। যেমন স্বাস্থ্যবিষয়ক থ্রেডে ওজন নিয়ন্ত্রণের হিসাব রাখার অ্যাপ কিংবা পারিবারিক থ্রেডে শিশুদের উপযোগী স্থানীয় অনুষ্ঠান খুঁজে দেওয়ার অ্যাপ ব্যবহার করা যাবে।ওয়াবির যাত্রা শুরু হয়েছিল ব্যক্তিগত অ্যাপ তৈরির একটি প্ল্যাটফর্ম হিসেবে। ২০২৫ সালে ২ কোটি ডলারের প্রি-সিড তহবিল সংগ্রহের পর প্রতিষ্ঠানটি ব্যবহারকারীদের নির্দেশনার ভিত্তিতে ছোট অ্যাপ তৈরি ও অন্যদের সঙ্গে ভাগ করে নেওয়ার সুবিধা নিয়ে কাজ করছিল। তবে কুইডার মতে, ব্যবহারকারীরা নিজেদের প্রয়োজন অনুযায়ী সফটওয়্যার চান ঠিকই, কিন্তু সেগুলো তৈরিতে আলাদা করে সময় ব্যয় করতে আগ্রহী নন। ওয়াবির অন্যতম বৈশিষ্ট্য হলো, একাধিক কথোপকথন এবং যৌথ ব্যবহারের সুবিধা। প্রচলিত এআই সহকারীতে সব কাজ একটি দীর্ঘ কথোপকথনে সীমাবদ্ধ থাকলেও ওয়াবিতে আলাদা কাজের জন্য পৃথক থ্রেড রাখা যাবে। এতে তথ্য ব্যবস্থাপনা সহজ হবে বলে মনে করছে প্রতিষ্ঠানটি।
