গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় নিখোঁজের দুই দিন পর শাম্মী আক্তার (১২) নামে এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সুরতহালে আঘাতের চিহ্ন নেই। বিলে শাপলা তুলতে গিয়ে মৃত্যু হতে পারে প্রাথমিক ধারণা পুলিশের।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে উপজেলার পুনতাইর এলাকার গারামারা বিল থেকে পানিতে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করে পুলিশ। গত রোববার (১৮ অক্টোবর) বিকেলে স্কুল থেকে বাড়ি ফিরে নিখোঁজ হয়েছিল ওই শিক্ষার্থী। নিখোঁজের পর থানায় সাধারণ ডায়েরিও করেছিল পরিবার।
শাম্মী আকতার উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের পুনতাইড় (নামা চরপাড়া) গ্রামের শহিদুর রহমানের মেয়ে। সে পুনতাইড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী ছিলো।
বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন মরদেহ উদ্ধার করা ও ঘটনার দায়িত্বপ্রাপ্ত গোবিন্দগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আসাদুজ্জামান।
পুলিশ জানায়, গত রোববার স্কুল থেকে বাড়িতে ফিরে নিখোঁজ হয় শাম্মী। অনেক খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে রাতে থানায় একটি নিখোঁজ ডায়েরি করে পরিবার। পরে মঙ্গলবার সকালে স্থানীয়রা তাদের বাড়ির পাশের গারামারা নামক একটি বিলে মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। স্থানীয়দের থেকে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে গোবিন্দগঞ্জ থানার পুলিশ।
উদ্ধার অভিযানে থাকা গোবিন্দগঞ্জ থানার এসআই আসাদুজ্জামান ঢাকা পোস্টকে বলেন, শিশুর মরদেহের সুরতহালে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মেয়েটি শারীরিক প্রতিবন্ধী ছিলো। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিলে শাপলা তুলতে গিয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম জানান, স্থানীয়দের থেকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে শাম্মীর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় একটি অস্বাভাবিক মৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে।
মাসুম বিল্লাহ/এসএএস
