সাইবার বুলিং মামলা থেকে খালাস পেলেন সাংবাদিক রেজা মাসুদ
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
- আপডেট সময় : ০৯:০২:০০ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ৮ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
সাইবার সুরক্ষা আইনে করা মামলার নিষ্পত্তির পর খালাস পেয়েছেন মোংলার সাংবাদিক মাসুদ রানা ওরফে রেজা মাসুদ। শনিবার (১৭ অক্টোবর) আদালত মামলাটি নিষ্পত্তির ঘোষণা দেন। এ সময় তিনি তাঁর জব্দ করা মুঠোফোনও ফেরত পান।
রেজা মাসুদ মোংলা প্রেস ক্লাবের নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে প্রথম কার্যনির্বাহী পরিষদের সদস্য নির্বাচিত হন। তিনি সাবেক সময় টেলিভিশনের চিত্রগ্রাহক এবং স্বদেশ প্রতিদিন ও দৈনিক যশোরের মোংলা প্রতিনিধি।
মামলার বিবরণ অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগে গত ২ সেপ্টেম্বর মোংলার ময়লাপোতা এলাকার এক নারীর পক্ষে তাঁর ভাই রেজা মাসুদের বিরুদ্ধে মামলা করেন। ৩ সেপ্টেম্বর পুলিশ তাঁকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়। পরে ৬ সেপ্টেম্বর জামিনে কারামুক্ত হন তিনি।
শুরু থেকেই মামলাটিকে ষড়যন্ত্রমূলক ও সাজানো বলে দাবি করে আসছিলেন মোংলা প্রেস ক্লাবের কয়েকজন সাংবাদিক ও স্থানীয় সচেতন ব্যক্তিরা।
রেজা মাসুদের দাবি, তিনি এলাকায় ইয়াবা ও মাদক কারবারের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। পুলিশের কার্যকর পদক্ষেপের অভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্য-প্রমাণসহ মাদকের বিরুদ্ধে সচেতনতা তৈরির চেষ্টা করতেন তিনি। এ কারণে ক্ষুব্ধ একটি মহল বাদীকে ভুল তথ্য দিয়ে তাঁকে মামলায় ফাঁসিয়েছে বলে অভিযোগ তাঁর।
মামলার নিষ্পত্তির পর রেজা মাসুদ বলেন, আদালত মামলাটি নিষ্পত্তি করেছেন এবং তিনি তাঁর ব্যবহৃত মুঠোফোন ফেরত পেয়েছেন। দেশের আইন ও বিচারব্যবস্থার প্রতি তাঁর আস্থা রয়েছে। এ সময়ে পাশে থাকা সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি।
এলাকায় মাদকের বিরুদ্ধে তাঁর সোচ্চার ভূমিকা অব্যাহত রাখার কথাও জানান রেজা মাসুদ।
