মা টাকা দিতে অস্বীকৃতি জানালে তাদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়।
Published : 20 Oct 2026, 09:03 PM
Updated : 20 Oct 2026, 09:03 PM
পাবনার ফরিদপুর উপজেলায় নেশার টাকা না পেয়ে মাকে কাস্তে দিয়ে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে।
ঘটনার পর পালিয়ে গেলেও অভিযান চালিয়ে তাকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে উপজেলার বিএলবাড়ি ইউনিয়নের লক্ষ্মীকোল জোলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান ফরিদপুর থানার ওসি মনজুরুল হাসান মাসুদ।
ছেলে উদ্দিন সরদার (৩৫) উপজেলার বিএলবাড়ি ইউনিয়নের লক্ষ্মীকোলা গ্রামের বাসিন্দা। নিহত সূর্য খাতুন (৫০) তার মা।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উদ্দিন নেশার টাকার জন্য প্রায়ই বাবা-মায়ের সঙ্গে ঝগড়া করতেন এবং তাদের নির্যাতন করতেন বলে অভিযোগ রয়েছে।
মঙ্গলবার সকালে সূর্য খাতুন রান্না করার সময় তার কাছে নেশার টাকা চান উদ্দিন। মা টাকা দিতে অস্বীকৃতি জানালে তাদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়।
এতে ক্ষিপ্ত হয়ে রান্নাঘরে থাকা কাস্তে দিয়ে মাকে গলা কেটে হত্যা করে পালিয়ে যান উদ্দিন।
ঘটনার খবর পেয়ে ফরিদপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। পরে বেলা ১১টার দিকে পার্শ্ববর্তী আব্দুল হাকিমের বাড়ি থেকে উদ্দিনকে আটক করা হয়।
এ সময় তার দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত কাস্তেটিও উদ্ধার করে পুলিশ।
ওসি মনজুরুল হাসান মাসুদ বলেন, সূর্য খাতুনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা হবে।
