Published : 20 Oct 2026, 03:41 PM
Updated : 20 Oct 2026, 03:41 PM
গাজীপুরের কোনাবাড়ির জরুন এলাকায় কেয়া গ্রুপের চারটি প্রতিষ্ঠান থেকে দ্বিতীয় দফায় ৭৩৯ জন শ্রমিক ও কর্মচারীকে ছাঁটাই করা হয়েছে।
সোমবার রাতে কারখানার প্রধান ফটকে এ সংক্রান্ত নোটিশ টানানো হয়েছে বলে জানিয়েছেন গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন।
এর আগে গত সেপ্টেম্বরেও কেয়া গ্রুপের চারটি কারখানা থেকে ৬২৭ শ্রমিক-কর্মচারীকে ছাঁটাই করা হয়েছিল।
এদিকে মঙ্গলবার সকালে কাজে যোগ দিতে এসে কারখানার ফটকে শ্রমিকরা এ নোটিশ দেখতে পায়। চাকরি হারানোর এমন নোটিশ দেখে কান্নায় ভেঙে পড়েন
দীর্ঘদিন ধরে এ কারখানায় কাজ করা অনেকেই।
ছাঁটাই আওতায় থাকা কেয়া গ্রুপের প্রতিষ্ঠানগুলো হলো- নিট কম্পোজিট ডিভিশন, স্পিনিং ডিভিশন, কটন ডিভিশন ও কেয়া ইয়ার্ন মিলস্ লিমিটেড।
কারখানার ব্যবস্থাপনা পরিচালক ও চেয়ারম্যানের স্বাক্ষরিত নোটিশে বলা হয়, ব্যাংকিং জটিলতা, গ্যাস সংকটসহ বিভিন্ন কারণে গত ৬ জুন থেকে কারখানাগুলো লে-অফে আছে। এরপর কয়েক দফায় লে-অফের মেয়াদ বাড়ানো হয়েছে।
এছাড়া প্রয়োজনের তুলনায় অতিরিক্ত জনবল থাকায় উৎপাদন ও প্রশাসনিক ব্যয় কমানোর লক্ষ্যে বিভিন্ন বিভাগ ও সেকশনের কিছু পদ বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
কারখানা কর্তৃপক্ষ নোটিশে আরও বলেছে, ভবিষ্যতে কারখানায় পুনরায় কর্মী নিয়োগের প্রয়োজন হলে শ্রম আইনের ২১ ধারা অনুযায়ী এই ছাঁটাই হওয়া দক্ষ শ্রমিকদের অগ্রাধিকার দেওয়া হবে। বর্তমানে যাদের চাকরি বহাল রয়েছে, তারা লে-অফের আওতায় থাকবেন এবং আইন অনুযায়ী লে-অফের সুবিধা পাবেন।
ছাঁটাই হওয়া শ্রমিকদের পাওনা পরিশোধের আশ্বাস দিয়ে নোটিশে বলা হয়েছে, শ্রম আইন অনুযায়ী ছাঁটাইকৃত শ্রমিকদের সব পাওনা এক মাসের মধ্যে পরিশোধ করা হবে।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, কেয়া গ্রুপের ৪ প্রতিষ্ঠানে ৭৩৯ জন কর্মকর্তা ও কর্মচারী ছাঁটাই করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কারখানার প্রধান ফটকে শিল্প পুলিশ মোতায়েন করা হয়েছে।
