শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই টেস্টের পাকিস্তান দলে ফিরলেন সালমান আলি আগা। তবে ইংল্যান্ড সফরের পর বাদ পড়া মোহাম্মদ রিজওয়ানের জায়গা মেলেনি এবারও।
গত আগস্টে ইংল্যান্ডের কাছে ৩-০ ব্যবধানে ধোলাই হওয়ার পর সাতজন ক্রিকেটারকে দল থেকে ছেঁটে ফেলা হয়েছিল। সালমান ও রিজওয়ান ছিলেন তাদের মধ্যে। সেই বিপর্যয়ের পর এটিই পাকিস্তানের প্রথম টেস্ট দল ঘোষণা। বাদ পড়া খেলোয়াড়দের মধ্যে রিজওয়ানসহ পাঁচজন এবারও সুযোগ পাননি। তার বিরুদ্ধে দেশের সাইবার ক্রাইম এজেন্সির একটি তদন্ত চলছে। অবশ্য চলতি সপ্তাহের শুরুর দিকে তাকে একটি ঘরোয়া ম্যাচে খেলার অনুমতি দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
সালমানের সঙ্গে দলে ফিরেছেন বাঁহাতি স্পিনার আলী ওসমানও। গত ইংল্যান্ড সফরের তৃতীয় ও শেষ টেস্টের আগেই তাকে দেশে ফেরত পাঠানো হয়েছিল।
রাওয়ালপিন্ডি (৯-১৩ নভেম্বর) ও লাহোরে (১৭-২১ নভেম্বর) অনুষ্ঠিত হতে যাওয়া দুই টেস্টের সিরিজে দলকে নেতৃত্ব দেবেন বাবর আজম।
১৪ সদস্যের এই দলে সুযোগ পেয়েছেন ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফর্ম করা তিন নতুন মুখ—মোহাম্মদ ত্বহা, সমীর মিনহাস ও মোহাম্মদ সুলেমান।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এই দুই ম্যাচের সিরিজটি। পয়েন্ট টেবিলে পাকিস্তান রয়েছে সবার নিচে নবম স্থানে, আর শ্রীলঙ্কার অবস্থান সপ্তম।
পাকিস্তান দল: বাবর আজম (অধিনায়ক), আবদুল্লাহ ফজল, আলী ওসমান, আরাফাত মিনহাস, আজান আওয়াইস, মোহাম্মদ আব্বাস, গাজী ঘোরী, মোহাম্মদ সুলেমান, মোহাম্মদ ত্বহা, রেজাউল্লাহ, সাদ বেগ, সালমান আগা, সমীর মিনহাস ও সাউদ শাকিল।
