বিশিষ্ট নজরুল গবেষক, কবি ও দৈনিক যুগান্তরের সম্পাদক আবদুল হাই শিকদারকে চেয়ারম্যান করে জাতীয় বার্তা সংস্থা বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) নতুন পরিচালনা বোর্ড গঠন করা হয়েছে। তিনি পূর্ববর্তী বোর্ড চেয়ারম্যান সাংবাদিক আনোয়ার আলদীনের স্থলাভিষিক্ত হলেন। গতকাল তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাসসের সার্বিক ব্যবস্থাপনা ও প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ‘বাংলাদেশ সংবাদ সংস্থা আইন, মোতাবেক তিন বছর মেয়াদে পরিচালনা বোর্ড গঠন করা হলো।
বাসস পরিচালনা বোর্ডে ১২ জন পরিচালক রয়েছেন। তারা হলেন— তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (প্রেস); অর্থ বিভাগের অন্যূন যুগ্ম সচিব পদমর্যাদার একজন প্রতিনিধি; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পদমর্যাদার একজন প্রতিনিধি; পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পদমর্যাদার একজন প্রতিনিধি; তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য অফিসার; বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক (পদাধিকার বলে); দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী; দ্যা ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক শামছুল হক জাহিদ; দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক; ৭১ টিভির হেড অব নিউজ মো. শাহ আজিজুর রহমান; ওএসক্লিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রাজ্জাক এবং বাসসের বাংলা বিভাগের প্রধান প্রতিবেদক দিদারুল আলম।
