জালালাবাদ ডেস্ক: সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে সরকারি সফর শেষে শনিবার দেশে ফিরেছেন। সফরের প্রথম পর্যায়ে সেনাবাহিনী প্রধান অস্ট্রেলিয়ার পার্থে অনুষ্ঠিত বিভিন্ন প্রদর্শনীতে অংশগ্রহণ করেন। এ সময় তিনি মেলবোর্নে অবস্থিত ডিকিং বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেন এবং বিশ্ববিদ্যালয়টির সঙ্গে বাংলাদেশের মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা এবং একাডেমিক বিনিময় কার্যক্রম সম্প্রসারণের বিষয়ে আলোচনা করেন।
পরবর্তীতে সেনাবাহিনী প্রধান যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত ‘এইউএসএ’ এ অংশগ্রহণ করেন। সফরকালে সেনাবাহিনী প্রধান অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।
এ ছাড়া তিনি উভয় দেশের বিভিন্ন সামরিক স্থাপনা পরিদর্শন করেন। এই সফরের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে অস্ট্রেলিয়া এবং যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ও ইউনাইটেড স্টেটস আর্মি প্যাসিফিক (ইউএসএআরপিএসি)-এর বিদ্যমান পেশাগত সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা, প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ আরও সম্প্রসারিত হবে বলে আশা করা যায়। আইএসপিআরের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
