স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট ও গুপ্ত শক্তি যৌথভাবে বিএনপির বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও মন্ত্রী পদমর্যাদার দায়িত্বে থাকা জহির উদ্দিন স্বপন।
তিনি বলেন, এসব অপশক্তি সুযোগ পেলেই বিএনপির অভ্যন্তরীণ দলীয় প্রতিযোগিতায় উসকানি দিয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাবে। তাই দলের সর্বস্তরের নেতাকর্মীদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে, যাতে কেউ উসকানির ফাঁদে পা না দেন।
বুধবার (২১ অক্টোবর) বিকেলে বরিশালের গৌরনদী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত কর্মীসভায় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। উপদেষ্টার কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বরিশালে তাঁর নির্বাচনী এলাকা গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত ধারাবাহিক কর্মীসভার অংশ হিসেবে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্যসচিব মিজানুর রহমান খান মুকুল। এ ছাড়া উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতারা এতে অংশ নেন।
জহির উদ্দিন স্বপন আরও বলেন, দেশে কৃত্রিম বিশৃঙ্খলা সৃষ্টির নানা ষড়যন্ত্রের বিষয়ে সরকারের কাছে সুনির্দিষ্ট গোয়েন্দা প্রতিবেদন রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান সম্প্রতি এ বিষয়ে জাতিকে অবহিত করেছেন।
প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেছেন, দেশের কয়েকটি শিল্পাঞ্চলে পরিকল্পিতভাবে শ্রমিক অসন্তোষ উসকে দেওয়ার চেষ্টা করা হয়েছে।
পরিস্থিতি মোকাবিলায় দলীয় নেতাকর্মীদের ইস্পাতকঠিন ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়ে জহির উদ্দিন স্বপন বলেন, স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে ষড়যন্ত্রকারীরা যেন কোনোভাবেই দলকে দুর্বল করতে না পারে এবং চলমান উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্ত করতে না পারে, সে বিষয়ে কঠোর নজর রাখতে হবে।
