আজকাল ওয়েবডেস্ক: বর্ণময় ফুটবল কেরিয়ারের স্বীকৃতি। পাশাপাশি অর্থনৈতিক ও সামাজিক ভাবে পিছিয়ে থাকা শিশুদের স্বাস্থ্য ও শিক্ষার অধিকার নিশ্চিত করতে অবদানের জন্য স্পেনের অন্যতম সর্বোচ্চ সম্মানে ভূষিত হলেন লিওনেল মেসি। শুক্রবার স্পেনের ওভিয়েদো শহরে এক অনুষ্ঠানে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়কের হাতে তুলে দেওয়া হয় প্রিন্সেস অব আস্তুরিয়াস ক্রীড়া পুরস্কার।
গত জুনেই এই পুরস্কারের জন্য মেসির নাম ঘোষণা করেছিল বিচারকমণ্ডলী। তাঁদের মতে, মেসি সর্বকালের অন্যতম সফল ফুটবলার। মাঠের অসামান্য সাফল্যের পাশাপাশি সমাজকল্যাণমূলক কাজেও তাঁর অবদান উল্লেখযোগ্য।
উত্তর স্পেনের আস্তুরিয়াস অঞ্চলের রাজধানী ওভিয়েদোতে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মেসিকে স্বাগত জানাতে ভিড় জমিয়েছিলেন বহু সমর্থক। আর্জেন্টিনার জার্সি পরে তাঁরা মেসির নামে স্লোগান দেন। ব্যাগপাইপ ও ঢোলের বাদ্যের মধ্যে অনুষ্ঠানে পৌঁছন আর্জেন্টাইন মহাতারকা। স্পেনের সিংহাসনের উত্তরাধিকারী প্রিন্সেস লিওনরের হাত থেকে আনুষ্ঠানিক সম্মানপত্র গ্রহণ করেন তিনি।
মেসির কেরিয়ারের প্রশংসা করে প্রিন্সেস লিওনর বলেন, “ম্যাচের গতিপ্রকৃতি বুঝে এক সেকেন্ডের ভগ্নাংশের মধ্যেই সবচেয়ে কার্যকর সিদ্ধান্ত নিতে পারেন তিনি। অসাধারণ কৃতিত্বকে যেন দৈনন্দিন ঘটনায় পরিণত করেছেন মেসি। ব্যক্তিগত অহংকারের ঊর্ধ্বে উঠে দলগত চেতনাকে সম্মান জানানোও তাঁর অন্যতম বৈশিষ্ট্য।”
ফুটবলজীবনে সাফল্যের শিখরে পৌঁছেছেন মেসি। আট বার জিতেছেন ব্যালন ডি’অর। আর্জেন্টিনার হয়ে জিতেছেন ফিফা বিশ্বকাপ। ক্লাব ফুটবলেও তাঁর ঝুলিতে রয়েছে অসংখ্য ট্রফি। বার্সেলোনায় ২১ বছরের দীর্ঘ অধ্যায়ে পেপ গুয়ার্দিওলা ও লুইস এনরিকের মতো কোচের অধীনে খেলেছেন তিনি। সেই সময় স্পেন ও ইউরোপীয় ফুটবলে আধিপত্য বিস্তার করেছিল বার্সেলোনা।
১৯৮১ সালে প্রতিষ্ঠিত প্রিন্সেস অব আস্তুরিয়াস পুরস্কার স্প্যানিশ ভাষাভাষী বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ সম্মান। শিল্পকলা, বিজ্ঞান, ক্রীড়া-সহ বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি হিসেবে প্রতি বছর এই পুরস্কার দেওয়া হয়। এর লক্ষ্য মানবিক সহাবস্থান, সংহতি ও আন্তর্জাতিক সহযোগিতাকে উৎসাহিত করা। পুরস্কারের অর্থমূল্য ৫০ হাজার ইউরো, ভারতীয় মুদ্রায় যা আনুমানিক ৫৪ লক্ষ টাকা।
এ বছর অন্য যাঁরা পুরস্কার পেয়েছেন, তাঁদের মধ্যে রয়েছেন ব্রিটিশ লেখক জুলিয়ান বার্নস, মার্কিন মহাকাশচারী ক্রিস্টিনা কোচ এবং পাঙ্ক সংগীতের তারকা প্যাটি স্মিথ। এর আগে ক্রীড়া বিভাগে এই সম্মান পেয়েছেন টেনিস তারকা সেরেনা উইলিয়ামস ও রাফায়েল নাদাল, ম্যারাথন দৌড়বিদ এলিউড কিপচোগে এবং মার্কিন স্কিয়ার লিন্ডসে ভন।
২০২১ সালে বার্সেলোনা ছাড়ার পর দুই মরশুম প্যারিস সাঁ-জাঁয় কাটান মেসি। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামির হয়ে খেলছেন।
মেসিকে অভিনন্দন জানিয়ে বার্সেলোনা সোশ্যাল মিডিয়ায় লিখেছে, তাঁর অসাধারণ প্রতিভার জন্য এই স্বীকৃতি সম্পূর্ণ প্রাপ্য। মাঠে ও মাঠের বাইরে তাঁর অবদান স্থায়ী প্রভাব ফেলেছে। খেলাধুলার প্রতি অঙ্গীকার, শ্রেষ্ঠত্ব এবং সমাজের প্রতি দায়বদ্ধতার জন্য তিনি বিশ্ব ফুটবলের এক অনুকরণীয় ব্যক্তিত্ব।
বার্সেলোনার আরও বক্তব্য, মেসির সঙ্গে ক্লাবের সম্পর্ক অবিচ্ছেদ্য। সেই বন্ধন ক্লাবের ঐতিহ্যের অংশ এবং তাঁর অবদান বরাবরই গর্বের উৎস হয়ে থাকবে।
