৪৫তম বিসিএস-এ সুপারিশপ্রাপ্ত সাধারণ শিক্ষা ক্যাডারভুক্ত ৩৮৩ কর্মকর্তার নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। এতে মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্তদের মুক্তিযোদ্ধার সনদ জাল হলে মামলা হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) বাংলাদেশ সিভিল সার্ভিস (সাধারণ শিক্ষা) ক্যাডারের প্রবেশ পদে জাতীয় বেতন স্কেল, ২০২৬ অনুসারে ৪৪,০০০-১০৫৯০০ বেতনক্রমে প্রচলিত বিধি-বিধানের আলোকে তাদের নিয়োগ দিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, তাদের আগামী ১ নভেম্বর বগুড়ায় পল্লী উন্নয়ন একাডেমিতে উপস্থিত হয়ে প্রভাষক পদে যোগদানপত্র দাখিল করতে হবে। সেখানে ৮ দিনের ওরিয়েন্টেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।
এতে বলা হয়, মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্তদের মুক্তিযোদ্ধার সনদ পরবর্তীতে যাচাই-বাছাইকালে মিথ্যা বা জাল প্রমাণিত হলে তাৎক্ষণিকভাবে তার নিয়োগ বাতিল হবে এবং তার বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হবে।
এর আগে, ১৮ জুন ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়, এতে উত্তীর্ণ হন ৬ হাজার ৫৫৮ জন। ২০২৫ সালের ৬ জুন ৪৫তম বিসিএস পরীক্ষার প্রিলিমিনারি টেস্টের ফলাফল প্রকাশ করে পিএসসি, যাতে ১২ হাজার ৭৮৯ জন উত্তীর্ণ হন। এর আগে ১৯ মে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
