পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি মামলায় স্বর্ণ ব্যবসায়ী ও ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালকে আবারও গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বনানী থেকে তাকে গ্রেপ্তারের পর ডিবি কার্যালয়ে নেওয়া হয়। ডিবিপ্রধান শরিফুল ইসলাম বলেন, সিআইডিতে দিলীপ আগারওয়ালের বিরুদ্ধে একটি মামলা রয়েছে। ওই মামলার সূত্রে সিআইডির অনুরোধে সোনা ও হীরা চোরাচালানের মাধ্যমে প্রায় ৬৭৮ কোটি টাকা অর্থ পাচারের অভিযোগে তাকে গ্রেপ্তার দেখানো হয়। এর আগে, ২০২৪ সালে তাকে গ্রেপ্তার করা হয়েছিল।
