ফেসবুকে হাতে বার্মিজ চাকু ও পিস্তল নিয়ে ভিডিও প্রকাশ করে আতঙ্ক ছড়ানোর অভিযোগে বগুড়ায় ‘সুইট গ্রুপের’ প্রধান এরিন আহম্মেদ সুইটসহ দুজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।তাদের কাছ থেকে একটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়েছে। এ ছাড়া নিবন্ধনহীন একটি পালসার মোটরসাইকেল জব্দ করা হয়েছে। গ্রেপ্তার অপরজন হলেন মো. মিরাজুল (১৯)। তারা দুজনই বগুড়ার শাজাহানপুর উপজেলার বাসিন্দা। সুইটের বাড়ি উপজেলার ফুলকোর্ট মধ্যপাড়া গ্রামে এবং মিরাজুলের বাড়ি বিলকেশপাথার গ্রামে।
আজ সোমবার বেলা পৌনে ১২টার দিকে বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান সাংবাদিকদের এসব তথ্য জানান।
পুলিশ কর্মকর্তা আতোয়ার রহমান বলেন, ‘সুইটের হাতে বার্মিজ চাকু ও পিস্তল নিয়ে প্রদর্শনের ভঙ্গিতে তৈরি একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তার এক সহযোগী ভিডিওটি ধারণ করে ফেসবুকে প্রকাশ করেন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর পুলিশ ও জ্যেষ্ঠ সাংবাদিকদের নজরে আসে। পরে পুলিশ সুপারের নির্দেশে তাদের গ্রেপ্তারে অভিযান চালায় ডিবি পুলিশ।
তিনি জানান, রোববার বিকেলে শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের ফুলকোর্ট মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে সুইট ও মিরাজুলকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৬ দশমিক ৭ ইঞ্চি দৈর্ঘ্যের একটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়। চাকুটি ভাঁজ করা অবস্থায় ৪ দশমিক ১ ইঞ্চি। এ ছাড়া তাদের ব্যবহৃত ১৫০ সিসির নিবন্ধনহীন একটি পালসার মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
